Thursday, 1 October 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

গিটারকে হেলমেটবিহীন যাত্রী ভেবে মামলা দিয়েছে এআই ক্যামেরা

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
গিটারকে হেলমেটবিহীন যাত্রী ভেবে মামলা দিয়েছে এআই ক্যামেরা

হেলমেট মাথায়, মোটরসাইকেলে একাই ছিলেন চালক। পেছনে কোনো যাত্রীও নেই। তবে পরদিন মোবাইলে এল ৫০০ রুপির ট্রাফিক চালান—অভিযোগ, পেছনের যাত্রী হেলমেট পরেননি। চালানের ছবি খুলতেই চোখ কপালে ওঠে সৌভিক দত্তের। পেছনের আসনে যাত্রী নয়, ছিল একটি গিটার।

 

 

ঘটনাটি ভারতের বেঙ্গালুরুর। গত ১৫ সেপ্টেম্বর দুপুরে সৌভিক তার স্ত্রীর বৈদ্যুতিক স্কুটার নিয়ে হেব্বাল থেকে টিন ফ্যাক্টরির দিকে যাচ্ছিলেন। মাথায় হেলমেট পরা ছিল তার। পিঠে বাঁধা ছিল একটি গিটার। স্কুটারে তিনি একাই ছিলেন।

 

 

পরদিন ১৬ সেপ্টেম্বর তার স্ত্রীর মোবাইলে আসে একটি ই-চালানের বার্তা। সেখানে ‘হেলমেট ছাড়া পিলিয়ন রাইডিং’-এর অভিযোগে ৫০০ রুপি জরিমানা করা হয়। চালানের সঙ্গে থাকা ছবিতে দেখা যায়, স্কুটারের পেছনে কোনো ব্যক্তিই নেই। ধারণা করা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ট্রাফিক নজরদারি ব্যবস্থা সৌভিকের পিঠে থাকা গিটারটিকেই পেছনের যাত্রী হিসেবে শনাক্ত করেছে।

 

 

বিষয়টি নিয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেন সৌভিক। সেখানে বেঙ্গালুরু ট্রাফিক পুলিশকে উল্লেখ করে তিনি জানান, স্কুটারে তিনি একাই ছিলেন এবং পিঠে গিটার বহন করছিলেন। একই সঙ্গে ভুল করে দেওয়া চালানটি প্রত্যাহারের অনুরোধ করেন। পোস্টে তিনি চালানের নোটিশ নম্বর ৮৬২০২৫৪১ উল্লেখ করেন।

 

 

সৌভিকের পোস্টটি নজরে আসার পর বেঙ্গালুরু ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তাকে সংশোধনের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। পাশাপাশি ই-মেইলে অভিযোগ জানানো এবং নির্দিষ্ট ফোন নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়।

 

 

ঘটনাটি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ট্রাফিক নজরদারি ব্যবস্থার ভুল শনাক্তকরণের বিষয়টি সামনে এনেছে। বিপুলসংখ্যক যানবাহনের চলাচল পর্যবেক্ষণ ও ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্তে স্বয়ংক্রিয় ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও, এমন ভুল এড়াতে মানবিক যাচাইয়ের প্রয়োজনীয়তা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।