ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে এক শিশু ও ছয় নারীসহ ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। পশ্চিম জয়ন্তিয়া হিলস জেলার আমলারেম মহকুমার লাড আমটাপোহ এলাকায় তাদের সঙ্গে এক সন্দেহভাজন স্থানীয় দালালকেও আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
পশ্চিম জয়ন্তিয়া স্টুডেন্টস ইউনিয়নের সদস্যদের দাবি, ডাউকি সড়কে তাদের চেকপোস্ট দেখে একটি গাড়ির চালক যাত্রীদের মাঝপথে নামিয়ে কাছের জঙ্গলে লুকিয়ে থাকতে বলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সংগঠনের সদস্যরা গাড়িটি থামিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করেন। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে জঙ্গলে তল্লাশি চালিয়ে ১১ জনকে আটক করা হয়।
সংগঠনের দাবি, আটক ব্যক্তিদের কারও কাছেই বৈধ ভ্রমণ নথি ছিল না। জিজ্ঞাসাবাদে তাঁরা ডাউকি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে। পরে তাদের আমলারেম থানায় হস্তান্তর করা হয়।
এদিকে, হিন্নেউত্রেপ ইয়ুথ কাউন্সিল সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএসএফ ও মেঘালয় পুলিশের নজরদারি আরও জোরদারের দাবি জানিয়েছে। সংগঠনের সভাপতি রয়কুপার সিনরেমের দাবি, সম্প্রতি আসামে আটক ২৭ বাংলাদেশিও ডাউকি হয়ে ভারতে প্রবেশের কথা জানিয়েছিলেন। ডাউকি থেকে মেঘালয় হয়ে জোড়াবাটের মাধ্যমে অসমে পৌঁছনোর এই কথিত রুট নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ দাবি করেছে সংগঠনটি।




