Tuesday, 10 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থীর ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চট্টগ্রামে তেলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় ডিআরইউ’র উদ্বেগ কমিউটার ট্রেনের ভাড়া শিক্ষার্থীদের ২৫ শতাংশ ছাড় ধর্ষণ মামলা ছাড়া সব রাজনৈতিক মামলা প্রত্যাহার হবে:আইনমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা ‘আ. লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয়, তবে দলীয় কর্মসূচিতে না’ রাজধানীতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
সারা দেশ

পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় ডিআরইউ’র উদ্বেগ

• • পঠিত 29 বার
শেয়ার করুন:
পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক জহিরুল আলম এবং সম্পাদক ফয়সাল আলমসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ উদ্বেগ ও প্রতিবাদ জানান।

 

অন্যরা হলেন চ্যানেল ২৪-এর অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘সার্চলাইট’-এর হেড অব মাল্টিমিডিয়া রাজিব খান, অ্যাসাইনমেন্ট সম্পাদক মাকসুদ উন নবী ও চিফ নিউজ এডিটর মো. আব্দুল কাইয়ুম (তুহিন)। এছাড়া চ্যানেল ২৪-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদ ও নিউজ রিপোর্টার জাহিদ হোসেন।

 

নেতারা বলেন, গণমাধ্যমে প্রচারিত কোনো প্রতিবেদন নিয়ে কারও আপত্তি বা সংক্ষুব্ধতা থাকলে প্রচলিত আইন ও সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে। তবে সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাভাবিক কার্যক্রমের জন্য উদ্বেগজনক।

 

তারা বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা গণতান্ত্রিক সমাজে জবাবদিহি প্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। কোনো প্রতিবেদনের বিষয়ে অভিযোগ থাকলে তা যথাযথ প্রক্রিয়ায় নিষ্পত্তি হওয়া উচিত। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে হয়রানি বা চাপ সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়।

 

ডিআরইউ নেতারা ফয়সাল আলমসহ সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ ও আইনানুগ নিষ্পত্তির দাবি জানান। পাশাপাশি স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

 

এ বিষয়ে সাংবাদিক ফয়সাল আলম জানান, গত ৯ অক্টোবর চ্যানেল ২৪-এর নিয়মিত সংবাদ ও রাত ৯টার অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘সার্চলাইট’-এ ‘মামলা আছে, নেই বাদী-সাক্ষীর খোঁজ: বিচারককে ঘিরে অনুসন্ধানে চাঞ্চল্য’ শিরোনামে একটি প্রতিবেদন প্রচার করা হয়।

 

ওই প্রতিবেদন প্রচারের পর ক্ষুব্ধ হয়ে লালমনিরহাটের সাবেক যুগ্ম জেলা ও দায়রা জজ (বর্তমানে আইন ও বিচার বিভাগে সংযুক্ত) মো. আরিফুল ইসলাম বাদী হয়ে সাত সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।