কৃত্রিম সংকটের অভিযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে এলপিজির দাম। সেপ্টেম্বর মাসে ১২ কেজির সিলিন্ডারের সরকারি নির্ধারিত দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা, তবে বর্তমানে অনেক জায়গায় তা ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
ফলে ভোক্তাদের বাড়তি গুনতে হচ্ছে প্রায় ৭০০ থেকে ১ হাজার টাকা। কোথাও আবার বেশি দাম দিয়েও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ক্রেতারা।
ব্যবসায়ীরা বলছেন, পরিবেশক ও ডিলারদের কাছ থেকে বেশি দামে কিনতে হওয়ায় সরকার নির্ধারিত দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না।
তবে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, দেশে এলপিজির সরবরাহে কোনো ঘাটতি নেই। কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।





