পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় ৪ তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির ধাওয়া খেয়ে আরও ৩ জন পালিয়ে যান।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ৫টার দিকে তেঁতুলিয়া সদর ইউনিয়নের শারিয়ালজোত সীমান্ত এলাকার শারিয়ালজোত ফরেস্টের ভেতর থেকে তাদের আটক করা হয়। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের শারিয়ালজোত বিওপির একটি টহল দল তাদের আটক করে। পরে তাদের তেঁতুলিয়া মডেল থানায় নেওয়া হয়।
আটককৃতরা হলেন— সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার আলীপুর লতারগাঁও এলাকার আফসার উদ্দিনের ছেলে হাফিজুল ইসলাম (২১), জেলার সদর উপজেলার বনগাঁও এলাকার জাহেল মিয়ার ছেলে সাব্বির হোসেন (১৫) ও রাহান (১৩) এবং কুমিল্লার নাসিরনগর উপজেলার ব্যাংগোতা ছপ্পরতোলা এলাকার জজ মিয়ার ছেলে শিপন মিয়া (১৯)।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে শারিয়ালজোত বিওপির টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় শারিয়ালজোত ফরেস্টের ভেতর দিয়ে সীমান্তের মেইন পিলার ৪৪০-এর ২৫ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে ৭ বাংলাদেশি তরুণ ভারতে প্রবেশের চেষ্টা করেন।
বিষয়টি টের পেয়ে টহল দলের কমান্ডার হাবিলদার মো. সেকেন্দার আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় ৪ জনকে আটক করা সম্ভব হলেও ৩ জন পালিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা কাজের সন্ধানে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে।
তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক বলেন, বিজিবি ৪ তরুণকে আটক করে থানায় নিয়ে এসেছে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করার প্রস্তুতি চলছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, তারা ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবির টহল দল ধাওয়া করে। ৪ জনকে আটক করা হয়েছে। ৩ জন পালিয়ে গেছেন। তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, সীমান্তে অবৈধ চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক রয়েছে। টহল দল ২৪ ঘণ্টা সীমান্তে দায়িত্ব পালন করছে।





