Tuesday, 6 October 2026
শিরোনাম
সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ৪ তরুণ আটক সুন্দরবন সংলগ্ন অনুমোদনহীন ১৮ রিসোর্ট বন্ধের চূড়ান্ত নোটিশ নির্ধারিত দামে এলপিজি নিশ্চিত করতে এবার গণমাধ্যমের সহযোগিতা চাইল সরকার ৮ মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা দৈনিক ইনকিলাবের ইংরেজি অনলাইন ভার্সনের উদ্বোধন চার্জিং পয়েন্টের বিদ্যুৎ কাটলে অফিস ঘেরাও, হুমকি অটোরিকশা চালকদের আইন মন্ত্রণালয়ে লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি ‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’ ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, মানিকগঞ্জে প্রধান শিক্ষক গ্রেপ্তার ধর্ষণচেষ্টার আসামি ধরতে গিয়ে ইটের আঘাতে আহত ওসি
জাতীয়

নির্ধারিত দামে এলপিজি নিশ্চিত করতে এবার গণমাধ্যমের সহযোগিতা চাইল সরকার

• • পঠিত 1 বার
শেয়ার করুন:
নির্ধারিত দামে এলপিজি নিশ্চিত করতে এবার গণমাধ্যমের সহযোগিতা চাইল সরকার
ছবি সংগৃহিত

সরকার নির্ধারিত দামে কোথাও যদি এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) পাওয়া না যায়, তবে গণমাধ্যমকে জনস্বার্থে তা তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি আশ্বস্ত করে বলেছেন, এ ধরনের অভিযোগ পেলে সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

 

মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যে চরম অস্থিরতার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির মধ্যেও সরকার এলপিজির দাম সমন্বয় করার চেষ্টা চালাচ্ছে। তবে কোনো কোনো স্থানে নির্ধারিত মূল্যে এলপিজি পাওয়া যাচ্ছে না বলে এমন অভিযোগ আমরা পেয়েছি।

 

তিনি আরও জানান, খোলাবাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখা এবং বিইআরসি বা কমিশন নির্ধারিত দামে এলপিজি ও অটোগ্যাস বিক্রি নিশ্চিত করতে ইতোমধ্যেই দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

 

ডা. জাহেদ উর রহমান বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী স্বয়ং জেলা প্রশাসকদের নিয়ে ভার্চুয়াল সভা করে এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। বর্তমানে বিভিন্ন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে তদারকি জোরদার করা হয়েছে। আগে যেখানে অনেককে জরিমানা করা হয়েছিল, এখন সেই অভিযান আরও জোরদার করা হয়েছে।

 

এলপিজির বাজার স্বাভাবিক রাখতে আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে সরকারের নিয়মিত আলোচনা চলছে উল্লেখ করে তিনি বলেন, জ্বালানিমন্ত্রী এলপিজি সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। ব্যবসায়ীরাও বাজার স্থিতিশীল রাখতে সরকারকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। এর ফলে বাজারে বর্তমান এলপিজি সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।

 

নির্ধারিত দামে এলপিজি পাওয়ার বিষয়টি নিয়ে গণমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, এটি অত্যন্ত জরুরি ও নিত্যপ্রয়োজনীয় একটি পণ্য, যা ছাড়া সাধারণ মানুষের জীবনযাত্রা অচল। তাই কোথাও অনিয়ম হলে গণমাধ্যম যেন তা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরে।

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, কেবল আইন প্রয়োগ বা প্রশাসনিক অভিযানই কোনো সংকটের একমাত্র সমাধান হতে পারে না।

 

তিনি বলেন, সরকার মূলত একটি সমন্বিত পদক্ষেপ নিয়েছে। প্রথমত, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও যারা এলপিজি আমদানি ও বোতলজাতকরণ ব্যবসার সঙ্গে যুক্ত, তারা যেন তাদের ন্যায্যমূল্য পান তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। এতে সরবরাহ ব্যবস্থার ঘাটতি তৈরি হবে না এবং দামও স্থিতিশীল রাখা যাবে। একইসঙ্গে যারা আইন অমান্য করে কৃত্রিম সংকট তৈরি করছে, তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আরও বলেন, কেবল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে দিয়ে কাজ করালেই সব সমস্যার সমাধান হবে না। খাদ্যপণ্যসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও আইনি পদক্ষেপের পাশাপাশি অন্যান্য বাজারমুখী উদ্যোগের মাধ্যমে সরকার পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চালাচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।