Friday, 2 October 2026
শিরোনাম
রাজনীতি

বোতলজাত সয়াবিন তেলের সরবরাহে ফের সংকট, দাম বাড়াতে চায় কোম্পানিগুলো

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
বোতলজাত সয়াবিন তেলের সরবরাহে ফের সংকট, দাম বাড়াতে চায় কোম্পানিগুলো

বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ আবার কমেছে। আর লিটারে ২ থেকে ৪ টাকা বেড়েছে খোলা সয়াবিন ও পাম তেলের দাম। গত এক সপ্তাহে ফার্মের মুরগির ডিমের দামও কিছুটা বেড়েছে। এ ছাড়া ব্রয়লার মুরগি ও বিভিন্ন ধরনের মাছের দাম আগের মতোই বেশি দামে স্থিতিশীল রয়েছে।

 

গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও কল্যাণপুর নতুন বাজার ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

 

খুচরা বিক্রেতারা জানিয়েছেন, কোম্পানিগুলো কম পরিমাণে বোতলজাত সয়াবিন তেল বাজারে ছাড়ছে। ফলে তাঁরাও ডিলার বা সরবরাহকারীদের কাছ থেকে কম পরিমাণে তেলের সরবরাহ পাচ্ছেন। ডিলাররা তাঁদের জানিয়েছেন, কোম্পানিগুলো তেলের দাম বাড়াতে চায়; এ জন্য তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে।

 

বাজার ঘুরে দেখা যায়, খুচরা দোকানগুলোতে চাহিদা অনুসারে এক, দুই ও পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতল পাওয়া যাচ্ছে না। যেমন মোহাম্মদপুর টাউন হল বাজারে গিয়ে অন্তত ছয়টি দোকানে মাত্র চার-পাঁচটি করে সয়াবিন তেলের বোতল পাওয়া গেছে। কোনো কোনো দোকানে এক লিটারের বোতল নেই, কোনোটিতে দুই লিটারের বোতল নেই।

 

চলতি বছরের শুরুতেই ফেব্রুয়ারি মাসের দিকে বোতলজাত সয়াবিনের সরবরাহ–সংকট শুরু হয়েছিল। এরপর এপ্রিলের শেষ দিকে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করা হয়। গত জুলাই মাসের দিকে আবার সরবরাহে সংকট দেখা যায়। পরে ৩ সেপ্টেম্বর ৫ টাকা বাড়িয়ে প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয় ২০৪ টাকা। এখন আবার তেলের সরবরাহ–সংকট তৈরি হলো। অর্থাৎ এ নিয়ে চলতি বছর তিন দফায় বাজারে সয়াবিন তেলের সরবরাহ–সংকট তৈরি হলো।

 

দেশে ভোজ্যতেল পরিশোধন ও উৎপাদনকারী কোম্পানিগুলো সয়াবিন তেলের দাম আরেক দফা বাড়াতে চায়। এ নিয়ে গত ২০ সেপ্টেম্বর বাণিজ্যসচিবকে চিঠি দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড ভেজিটেবল ফ্যাট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। তবে গত বুধবার সিলেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়ানোর দাবি জানালেও সরকার বুঝে-শুনে সিদ্ধান্ত নেবে। যাচাই-বাছাইয়ের আগে ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।