Wednesday, 11 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ১৮৪টি ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই! বেসরকারি স্কুলে অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল হবে এমপিও, পুনঃভর্তি ফি নিষিদ্ধ বেলুন কেনার সামর্থ্য নেই, পলিথিনে বাতাস ভরেই বাবার জন্মদিন পালন চট্টগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু, পাশাপাশি দাফন কিশোরগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন উত্ত্যক্তের অভিযোগে কোচিং থেকে বহিষ্কার, ‘সেই ক্ষোভে’ স্কুলছাত্রীকে ছুরিকাঘাত রাতের অন্ধকারে একটা-দুইটা গাড়িতে আগুন দিলে দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী বিজয়নগরে পূর্ববিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ নম্বরপ্লেট নিয়ে মোটরসাইকেল চালকদের জন্য সুখবর
সারা দেশ

কুষ্টিয়ায় ১৮৪টি ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই!

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় ১৮৪টি ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই!

কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার মধ্যে ১৮৪টিই চলছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া। অর্থাৎ জেলার প্রায় ৯২ শতাংশ ইটভাটাই অনুমোদনহীন। অথচ পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করা এসব ভাটার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না পরিবেশ অধিদপ্তরকে। এখন পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়েছে মাত্র কয়েকটি অবৈধ ভাটার। উল্টো পরিবেশ অধিদপ্তরের কিছু কর্মকর্তার বিরুদ্ধে মোটা অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে।

 

অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতি সপ্তাহে একটি করে অভিযান পরিচালনা করা হবে। সেই হিসাবে অবশিষ্ট ইটভাটায় অভিযান শেষ করতে প্রয়োজন হবে দীর্ঘ সময়।

 

কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় মোট ইটভাটা ২০১টি। এর মধ্যে পরিবেশগত ছাড়পত্র রয়েছে মাত্র ১৭টির। বাকি ১৮৪টি ভাটা অনুমোদনহীন। ইতিমধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারটি অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

 

অনুসন্ধানে জানা গেছে, কুষ্টিয়ায় আগে একটি ইটভাটা মালিক সমিতি থাকলেও বর্তমানে দুটি সমিতি বা অ্যাসোসিয়েশন রয়েছে। এর মধ্যে একটি সমিতির আওতায় ৮৬টি এবং অন্যটির আওতায় ৩৫টি ইটভাটা রয়েছে। বাকি মালিকেরা কোনো সমিতির সদস্য নন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাটা মালিক বলেন, সমিতির বাইরে থাকা মালিকদের মধ্যে অভিযান নিয়ে আতঙ্ক থাকে। একটি মহল পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন পক্ষকে ম্যানেজ করার কথা বলে ভাটাপ্রতি দুই থেকে আড়াই লাখ টাকা করে নিয়ে থাকে।

 

তিনি আরও বলেন, সম্প্রতি অনুমোদনহীন ইটভাটা থেকে পরিবেশ অধিদপ্তরের নামে প্রায় ৮০ লাখ টাকা লেনদেন হয়েছে বলে শোনা যাচ্ছে।

 

কুষ্টিয়া ইটভাটা মালিক সমিতির একাংশের সভাপতি লুৎফর রহমান বলেন, আমাদের সমিতির আওতায় ৮৬টি ভাটা রয়েছে। চরসাদিপুরের দিকে ৩৭-৩৮টি ভাটা রয়েছে, যারা কোনো সমিতির সদস্য নয়। আমরা যদি অবৈধ হই, তবে সরকার কেন ভ্যাট-ট্যাক্স নিচ্ছে?

 

এদিকে পরিবেশ অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তারাই স্বাধীনভাবে কাজ করতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। দায়িত্বপ্রাপ্ত পরিদর্শকদের সরেজমিনে ইটভাটা পরিদর্শনে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে উপপরিচালকের বিরুদ্ধে।

 

এ বিষয়ে কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নাসরিন সুলতানা বলেন, স্যার (উপপরিচালক) না বললে তো আমি পরিদর্শন করতে পারি না। আমি নারী, সব বুঝতে পারছেন। আমার কাছে কোনো তথ্য নেই, স্যার এ বিষয়ে ভালো বলতে পারবেন।

 

সরেজমিনে জেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, জনবসতিপূর্ণ আবাসিক এলাকা, কৃষিজমি এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশেই গড়ে উঠেছে ইটভাটা। কোথাও টিনের চিমনি, আবার কোথাও নিষিদ্ধ ড্রাম চিমনি ব্যবহার করে চলছে ইট পোড়ানোর কাজ। অনেক ভাটায় গাছের গুঁড়ি ও কাঠ পোড়ানো হচ্ছে। কোনো কোনো ভাটার সঙ্গে স্থাপন করা হয়েছে করাতকলও।

 

এসব ভাটার ধোঁয়ায় বায়ুদূষণের পাশাপাশি আশপাশের মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। অন্যদিকে, কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি বা টপ সয়েল কেটে ইট তৈরিতে ব্যবহার করায় দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ভারী যানবাহন চলাচলে আবাসিক এলাকার স্থানীয় সড়কগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

 

স্থানীয় বাসিন্দা লিমন বলেন, ইটভাটার কারণে প্রতিনিয়ত ধুলাবালি ও কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছে। ভাটার আশপাশে বসবাসকারী মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ভারী যানবাহন চলাচলে স্থানীয় সড়কগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা নিয়মিত তদারকি করলে এভাবে অবৈধ ইটভাটা চলতে পারত না।

 

কৃষিবিদ রূপালী খাতুন বলেন, জমির উপরিভাগের উর্বর মাটি বা টপ সয়েল কেটে নেওয়া হলে মাটির গুণাগুণ ও উৎপাদনক্ষমতা কমে যায়। দীর্ঘমেয়াদে এতে কৃষি উৎপাদন ব্যাহত হয় এবং কৃষকদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে ফসলি জমির টপ সয়েল ইট তৈরিতে ব্যবহার করা হলে জমির স্বাভাবিক উর্বরতা ফিরিয়ে আনতে দীর্ঘ সময় প্রয়োজন হয়। এতে কৃষকেরা হুমকির মুখে পড়েন।

 

সচেতন মহলের মতে, জেলার ৯২ শতাংশ ইটভাটা অবৈধ হওয়ার পরও মাত্র কয়েকটি ভাটায় অভিযান পরিচালনা অধিদপ্তরের কার্যক্রমের যথার্থতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। অবৈধ ভাটার বিরুদ্ধে অভিযান হতে হবে নিয়মিত, নিরপেক্ষ ও বৈষম্যহীন। সমিতির পরিচয়, প্রভাব কিংবা আর্থিক লেনদেনের অভিযোগ যেন কোনো ভাটাকে অভিযানের বাইরে রাখার কারণ না হয়, তা নিশ্চিত করতে হবে।

 

স্থানীয় বাসিন্দা রাসেল হাসান বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান কেন এত ধীরগতিতে চলছে, সমিতির নামে অর্থ আদায়ের অভিযোগের সত্যতা কতটুকু এবং দায়িত্বপ্রাপ্ত পরিদর্শকদের স্বাধীনভাবে কাজ করতে বাধা দেওয়ার পেছনে কারা রয়েছেন তা খতিয়ে দেখতে হবে। পরিবেশ রক্ষার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ভূমিকা নিয়েই যদি প্রশ্ন ওঠে, তবে অবৈধ ভাটার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করবে কে?

 

জানা যায়, সরকার ২০০২ সালে ইটভাটায় ড্রাম চিমনির ব্যবহার নিষিদ্ধ করে। পরবর্তী সময়ে ২০১৪ সালের ১ জুলাই থেকে ১২০ ফুট উচ্চতার ফিক্সড চিমনি ব্যবহারও নিষিদ্ধ করা হয়। এরপরও জেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ চিমনি ও অননুমোদিত পদ্ধতিতে ইটভাটা পরিচালনার অভিযোগ রয়েছে।

 

কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ এমদাদুল হক বলেন, জেলায় ২০১টি ভাটার মধ্যে ১৭টির অনুমোদন রয়েছে। ইতিমধ্যে আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছি। এখন থেকে প্রতি সপ্তাহে এই অভিযান অব্যাহত থাকবে। কোনো অবৈধ ইটভাটা থাকার সুযোগ নেই।

 

পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক খন্দকার মোহাম্মদ ফজলুল হক বলেন, কোনো অবৈধ ইটভাটা থাকবে না। ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে। আপনারা সহযোগিতা করলে আমরা আরও ভালোভাবে কাজ করতে পারব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।