Wednesday, 11 November 2026
শিরোনাম
কিশোরগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন উত্ত্যক্তের অভিযোগে কোচিং থেকে বহিষ্কার, ‘সেই ক্ষোভে’ স্কুলছাত্রীকে ছুরিকাঘাত রাতের অন্ধকারে একটা-দুইটা গাড়িতে আগুন দিলে দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী বিজয়নগরে পূর্ববিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ নম্বরপ্লেট নিয়ে মোটরসাইকেল চালকদের জন্য সুখবর পৌরসভায় নাগরিক সেবা ব‍্যাহত হলে তাৎক্ষণিক বরখাস্ত: শাহে আলম মেহেরপুরে তিন বাড়ির সামনে ‘জয় বাংলা’ লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় সেই মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড নাশকতার মামলায় কলেজ অধ্যক্ষসহ গ্রেপ্তার আ.লীগের ৪ নেতাকর্মী কারাগারে পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন
সারা দেশ

উত্ত্যক্তের অভিযোগে কোচিং থেকে বহিষ্কার, ‘সেই ক্ষোভে’ স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
উত্ত্যক্তের অভিযোগে কোচিং থেকে বহিষ্কার, ‘সেই ক্ষোভে’ স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

কুষ্টিয়ায় কোচিং সেন্টারে উত্ত্যক্তের অভিযোগে আট মাস আগে বহিষ্কৃত হওয়ার ক্ষোভ থেকে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে কিশোর ইমনের বিরুদ্ধে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে শহরের থানাপাড়া এলাকায় নিজ বাসার সামনে জাকিয়া সুলতানা (১৬) নামের ওই স্কুলছাত্রীকে পেছন থেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) আদালতের নির্দেশে তাকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।

 

স্কুলছাত্রী ও তার পরিবারের দাবি, কোচিং থেকে বের করে দেওয়ার পর ইমনের সঙ্গে তাদের আর কোনো যোগাযোগ ছিল না। হঠাৎ সোমবার (৯ নভেম্বর) দুপুরে বাসার সামনে পেছন থেকে জাকিয়ার ওপর হামলা চালায় ওই কিশোর। আহত জাকিয়া বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, সে আপাতত শঙ্কামুক্ত। তবে তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের ক্ষত রয়েছে।

 

হাসপাতালে চিকিৎসাধীন জাকিয়া ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ফেব্রুয়ারিতে শহরের একটি কোচিং সেন্টারে ভর্তি হয়েছিল সে। একই কোচিংয়ে ভর্তি হয়েছিল অভিযুক্ত কিশোর ইমনও। সেখানে কয়েক দিন ক্লাস করার পর ইমন তাকে প্রেমের প্রস্তাব দেয় এবং বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে থাকে।

 

বিষয়টি মাকে জানায় জাকিয়া। পরে তার মা কোচিং সেন্টারের পরিচালক ও ইমনের পরিবারকে বিষয়টি অবহিত করেন। এরপর কোচিং সেন্টার থেকে ইমনকে বের করে দেওয়া হয়।

 

জাকিয়া জানায়, কোচিং থেকে বের করে দেওয়ার পর ইমনের সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়নি। এমনকি ছুরিকাঘাতের ঘটনার আগ পর্যন্ত কোথাও তাকে দেখেনি সে। কোচিং থেকে বের করে দেওয়ার ঘটনায় ইমন ক্ষুব্ধ ছিল বলে ধারণা তার। সেই ক্ষোভ থেকেই হামলা চালান হয়ে থাকতে পারে।

 

হামলার বর্ণনা দিয়ে জাকিয়া জানায়, স্কুল থেকে নির্বাচনি পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পর ভবনের নিচে দাঁড়িয়ে ব্যাগ থেকে চাবি বের করছিল সে। এ সময় পেছন থেকে এসে ইমন তার চুল ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। এরপর কী হয়েছে, তা আর মনে নেই তার।

 

জাকিয়ার মা সুমি আক্তার জানান, মেয়ের হাত ও পিঠে ব্যান্ডেজ করা হয়েছে। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। মেয়েটির বাঁ হাতের কনিষ্ঠ আঙুল নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছে। সেখানে কোনো জটিলতা দেখা দিয়েছে কি না, তা নিয়ে তারা উদ্বিগ্ন। এদিকে জেলা প্রশাসনের কর্মকর্তারাও হাসপাতালে এসে তার মেয়ের খোঁজখবর নিয়েছেন।

 

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) বেলা ১টার দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় নিজ বাসার সামনে হামলার শিকার হয় জাকিয়া। স্কুল থেকে নির্বাচনি পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পর ভবনের নিচে কলবেল দেওয়ার সময় পেছন থেকে তার ওপর হামলা চালায় এক কিশোর। উপর্যুপরি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। এতে জাকিয়ার শরীরের অন্তত ছয়টি স্থানে আঘাত লাগে।

 

এ ঘটনায় সোমবার রাতে কুষ্টিয়া মডেল থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন জাকিয়ার বাবা। ঘটনার প্রায় ১২ ঘণ্টার মধ্যে সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ইমনকে তার খালার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ইমনকে আদালতে নেওয়া হয়। শুনানি শেষে বিচারক তাকে কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন।

 

এদিকে ঘটনার পর থেকে ইমনের পরিবারের সদস্যরা আত্মগোপনে আছেন। তাদের বাড়িতে তালা ঝুলতে দেখা গেছে। এ বিষয়ে পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি।

 

এদিকে হামলার কারণে জাকিয়ার এসএসসি নির্বাচনি পরীক্ষাও ব্যাহত হয়েছে। মঙ্গলবার তার নির্বাচনি পরীক্ষার শেষ বিষয় রসায়ন পরীক্ষা ছিল। হাসপাতালে ভর্তি থাকায় সে পরীক্ষায় অংশ নিতে পারেনি। তবে বিদ্যালয়ের শিক্ষকরা তার খোঁজখবর নিয়েছেন এবং পরবর্তী সময়ে পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন।
 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।