সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ এবং জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা পৌর এলাকায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সব ধরনের প্রচারণামূলক মাইকিং বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশন, কুমারখালী-খোকসা উপজেলা শাখা।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) সংগঠনটির সভাপতি ও ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী ও সাধারণ সম্পাদক বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের পরিচালক সুরুজ আলী বিশ্বাস স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুমারখালী ও খোকসা পৌর এলাকার অভ্যন্তরে কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার প্রচারণামূলক মাইকিং করতে পারবে না।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাধারণ মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং জনসাধারণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন এড়াতে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে পৌর এলাকার বাইরে সীমিত শব্দমাত্রায় প্রচারণামূলক মাইকিং করা যাবে। সেক্ষেত্রে স্কুল, কলেজ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নির্ধারিত দূরত্বের মধ্যে প্রচারণামূলক মাইকিং সাময়িকভাবে বন্ধ রাখতে হবে, যাতে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম ও ধর্মীয় পরিবেশ বিঘ্নিত না হয়।
সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান মালিক ও সদস্যদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। নির্দেশনার ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।





