এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য এবার রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। চলতি বছরের ফল পুনর্নিরীক্ষণের জন্য ১০ লাখ ৮৭ হাজার হাজার ৪১৩টি আবেদন পড়েছে। সারাদেশের ২ লাখ ৯১ হাজার ২০৯ শিক্ষার্থী ফল চ্যালেঞ্জ করে এসব আবেদন করেছেন।
রোববার (৮ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান এশিয়া পোস্টকে এসব তথ্য জানান। তিনি বলেন, আগামী ২৩ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।
জানা গেছে, এসব আবেদনের বিপরীতে শিক্ষা বোর্ডগুলোর আয় হয়েছে প্রায় ১৬ কোটি টাকা। তথ্য অনুযায়ী, গত ১ নভেম্বর থেকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়। ছাত্র-ছাত্রীরা আজ দুপুর ১২টা পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।
একজন শিক্ষার্থী একাধিক বিষয়ের একাধিক পত্রের ফল পুনর্নিরীক্ষণের আবেদন জমা দিয়েছেন। প্রতিটি পত্রের পুনর্নিরীক্ষণের জন্য ১৫০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছিল।
প্রসঙ্গত, গতকাল শনিবার পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদনের শেষ সময় ছিল। পরে গতরাতে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির জরুরি বিজ্ঞপ্তিতে আবেদনের সময় আজ দুপুর ১২টা পর্যন্ত বাড়ায়।
গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ।





