চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাচাতো বোনের কাছ থেকে ছিনিয়ে নেয়া ১১ মাসের শিশু নাফিজ হোসেনকে ৩৫ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিঃসন্তান এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিবতলা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার হাজারবিঘী গ্রামের মো. মানিকুজ্জামান ও তার স্ত্রী সুজিআরা বেগম। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
পুলিশ জানায়, গত ২১ সেপ্টেম্বর দুপুরে নাফিজকে নিয়ে স্থানীয় একটি বাজারে যান তার চাচাতো বোন শিরিন খাতুন। এ সময় বোরকা পরা সুজিআরা বেগম শিশুটিকে জোর করে ছিনিয়ে নিয়ে যান। পরে শিশুটির বাবা রুবেল হোসেন শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায় পুলিশ। একপর্যায়ে মঙ্গলবার রাতে শিবতলা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় ওই দম্পতিকেও।
পুলিশ সুপার আরও জানান, নিঃসন্তান ওই দম্পতি সন্তান লালন-পালনের উদ্দ্যেশে থেকেই শিশুটিকে অপহরণ করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। শিশুটিকে বিক্রি বা অন্য কোনো অসৎ উদ্দেশ্য ছিল না বলেও প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে উদ্দেশ্য যাই হোক, শিশুকে জোর করে নিয়ে যাওয়ার ঘটনা আইন অনুযায়ী অপহরণ হিসেবে গণ্য হবে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, ৩৫ ঘণ্টা পর সন্তানকে ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে বাবা-মায়ের মধ্যে। শিশুটিকে উদ্ধারের ঘটনায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নাফিজের বাবা-মা।





