জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নিজের ঘরের ধর্না থেকে আদর আলী (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনার তিন দিন আগে ওই ব্যক্তি তাঁর স্ত্রীকে মারধর করে বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছেন বলে জানিয়েছে পরিবার ও স্থানীয়রা। আজ সোমবার সকালে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নে সাজিমারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আদর আলী (৫৫) ওই গ্রামের মৃত ওহিজল হক নবীর ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান , গত তিন দিন আগে নিহত আদর আলী তাঁর স্ত্রীকে মারধর করে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। গতকাল রোববার প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঢোকেন। সোমবার সকালে ঘুম থেকে না উঠলে, বড় ছেলে ও ছেলের স্ত্রী ডাকাডাকি করতে থাকে।
কোনো সাড়াশব্দ না পেয়ে তাঁরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘরের ধর্নার সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় দেখতে পান। পরে তাঁরা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।





