কুষ্টিয়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বারখাদা উত্তরপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে কুষ্টিয়া সম্মিলিত সামাজিক জোট। একই সঙ্গে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতা কার্যক্রমকে কুষ্টিয়াবাসীর প্রয়োজনে মাসব্যাপী অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনের সমাপনী দিনে উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার সহযোগিতায় বারখাদা উত্তরপাড়া গার্লস স্কুল সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি বাড়ির আঙিনা পরিষ্কার রাখা, ময়লা-আবর্জনা জমতে না দেওয়া এবং আশপাশের জলাশয় ও পানি জমে থাকা স্থান পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়।
জোটের সহ-সমন্বয়ক ও স্বপ্ন প্রয়াসের সভাপতি সাদিক হাসান রহিদের সার্বিক নির্দেশনায় এবং উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার সংগঠক যাবির মাহমুদের তত্ত্বাবধানে এ কর্মসূচি পরিচালিত হয়। এতে স্থানীয় স্বেচ্ছাসেবক রিয়াদ, শান্ত, জয়, মুজাহিদ, নিরব, লাবিব, রাকিব, জিহাম, আকাশ ও অপু অংশগ্রহণ করেন।
কর্মসূচির প্রতিপাদ্য ছিল—'সচেতনতাই হতে পারে ডেঙ্গু প্রতিরোধের অন্যতম হাতিয়ার', 'সচেতন হই, ডেঙ্গুমুক্ত সমাজ গড়ি' এবং 'সবাই সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব'।
এ সময় সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান ড. আমানুর আমান বলেন, "বর্তমানে কুষ্টিয়ায় ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩০০ ছাড়িয়েছে এবং মৃত্যুবরণ করেছেন ৬ জন। এমন পরিস্থিতিতে জনসচেতনতা বাড়াতে মাইকিং, জীবাণুনাশক স্প্রে ও লিফলেট বিতরণসহ বিভিন্ন কার্যক্রম আমরা মাসব্যাপী চালিয়ে যাব।"
জোটের সমন্বয়ক ও উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট মো. মুহাইমিনুর রহমান পলল বলেন, "করোনাকালীন সময়ে সম্মিলিত সামাজিক জোট জীবন বাজি রেখে কুষ্টিয়া জেলার মানুষের পাশে দাঁড়িয়েছিল। আমাদের সামর্থ্য হয়তো সীমিত, কিন্তু ইচ্ছা, আগ্রহ ও পরিশ্রমের মাধ্যমে ডেঙ্গুর এই প্রকোপকালীন সময়েও কুষ্টিয়ার মানুষের পাশে থেকে মাঠপর্যায়ে কাজ করে যাব।"
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর থেকে সপ্তাহব্যাপী ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রমের পরিকল্পনা নিয়ে মাঠে নামে কুষ্টিয়া জেলার অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্ম সম্মিলিত সামাজিক জোট। ইতোমধ্যে কুষ্টিয়া সদর, খোকসা, কুমারখালীসহ বিভিন্ন এলাকার বাজার, মাদ্রাসা, স্কুল-কলেজ ও গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেছে সংগঠনটি।
ডেঙ্গুর প্রকোপ অব্যাহত থাকায় দৌলতপুর, মিরপুর ও ভেড়ামারার স্বেচ্ছাসেবকদের অনুরোধে জেলার সব উপজেলায় পর্যায়ক্রমে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। পাশাপাশি 'মানুষ মানুষের জন্য' সংগঠনের উদ্যোগে ডেঙ্গুর হটস্পটগুলোতে কীটনাশক স্প্রে কার্যক্রমও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জোটের নেতৃবৃন্দ।





