রাজধানীর সচিবালয়ে নির্মাণাধীন ভবনের ১৩ তলা থেকে পড়ে আব্দুস সামাদ (৪০) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার বিকেলের দিকে এ ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে নিয়ে আসা সহকর্মী আব্দুল মান্নান জানান, বিকেলের দিকে সচিবালয়ের নির্মাণাধীন ভবনের ১৩ তলায় সামাদ কাজ করার সময় হঠাৎ অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হন সামাদ। পরে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নিহতের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদরের একডালা গ্রামে। বর্তমানে নির্মাণাধীন ভবনেই থাকতেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।





