Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মোবাইল কিনে দেওয়ার কথা বলে প্রেমিকাকে ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

admin • 06 Sep 2023, 08:01 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মোবাইল কিনে দেওয়ার কথা বলে প্রেমিকাকে ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

নরসিংদীর শিবপুরে নতুন মোবাইল ফোন কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে প্রেমিকাকে (১৯) ধর্ষণ করেছে ওয়াসিম নামের এক প্রেমিক ও তাঁর সহযোগীরা। এ ঘটনায় নির্যাতিতা বাদী হয়ে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে শিবপুর মডেল থানায় ধর্ষণ মামলা করেন।

মামলার পর পুলিশ মঙ্গলবার রাতেই অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত মনোহরদী উপজেলার পাঁচকান্দী দক্ষিণপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে ওয়াসিম (১৯), একই এলাকার ফজলুল হকের ছেলে বাবুল (৩৫), আবু বক্কর সিদ্দিকের ছেলে আ. আজিজকে (১৯) গ্রেপ্তার করেছে।

মামলায় অন্য আসামিরা হলেন, শিবপুর উপজেলার বৈলাবো গ্রামের মৃত রুপনের ছেলে নিশাদ (২২), বায়জিদ (২২), মনোহরদী উপজেলার পাঁচকান্দী গ্রামের মোক্তার হোসেনের ছেলে ইমরান (১৮) ও সিরাজ উদ্দিনের ছেলে সিদ্দিক (৩২)।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার সূত্র ধরে পুলিশ জানায়, তিন মাস আগে ওই ভুক্তভোগীর সঙ্গে ওয়াসিমের ফোনে কথা বলার এক পর্যায়ে তাঁদের প্রেমের সম্পর্ক হয়। ভুক্তভোগীর মা-বাবা মারা যাওয়ায় ফুপুর বাড়িতে থাকেন।

গত মঙ্গলবার দুপুরে নতুন মোবাইল ফোন কিনে দেওয়ার কথা বলে ভুক্তভোগীকে তাঁর ফুপুর বাড়ি থেকে ডেকে নেয় প্রেমিক ওয়াসিম। এরপর ওয়াসিম একপর্যায়ে ভুক্তভোগীকে শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাবো গ্রামের খালপাড় মিয়ার উদ্দিনের টিলায় নিয়ে যায়। সেখানে ওয়াসিম ও তাঁর সহযোগীরা আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীকে ধর্ষণ শেষে ফেলে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী পাশের একটি বাড়িতে গিয়ে ঘটনাটি জানালে তাঁর স্বজনদের খবর দেওয়া হয়। স্বজনদের মাধ্যমে শিবপুর থানা-পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে।

ফিরোজ তালুকদার বলেন, মামলার পর রাতেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের আজ বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে। নির্যাতিতাকে পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।