সিলেটের বিশ্বনাথে বাবার মৃত্যুসংবাদ মসজিদের মাইকে প্রচার না করার অভিযোগে মামলা করেছেন ছেলে সাজ্জাদুর রহমান। এমনকি মসজিদের ইমামকেও জানাজায় আসতে দেননি বলে মামলার এজহারে উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের তেঘরি গ্রামের মৃত চান মিয়ার ছেলে সাজ্জাদুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় একই গ্রামের ১৩ জনকে আসামি করা হয়।
জানা গেছে, গত ১২ অক্টোবর সকাল সোয়া ৭টায় মারা যান খাজাঞ্চি ইউনিয়নের তেঘরি গ্রামের মো. চান মিয়া। তার মৃত্যুর পর গ্রামের মসজিদে মৃত্যুসংবাদ ও নামাজে জানাজার সময়সূচি এলাকাবাসীকে জানাতে চাইলে গ্রামের নুরুল হকসহ কয়েকজন মাইক ব্যবহার করতে দেননি।
বিশ্বনাথ থানার ওসি রুবেল মিয়া বলেন, বাবার মৃত্যুসংবাদ মসজিদের মাইকে প্রচার না করায় থানায় মামলা করেছেন ছেলে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।





