Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বন্যার পানিতে ভেসে এলো কাফনের কাপড় পরানো অর্ধগলিত লাশ

admin • 29 Aug 2024, 10:27 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বন্যার পানিতে ভেসে এলো কাফনের কাপড় পরানো অর্ধগলিত লাশ

ফেনীর সোনাগাজী উপজেলার মুহুরী নদী থেকে কাফনের কাপড় পরানো অজ্ঞাতপরিচয় অর্ধগলিত লাশ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। বুধবার (২৮ আগস্ট) বিকেলের দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বাদামতলী এলাকায় মুহুরী নদীর পাশে ঝোপের মধ্যে আটকে থাকা কলাগাছের ভেলা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

 

স্থানীয়দের ধারণা, মৃত্যুর পর বন্যার কারণে দাফনের জায়গা না পেয়ে স্বজনেরা হয়তো লাশ ভাসিয়ে দিয়েছেন। তারা জানান, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর। মুখে সাদা দাড়ি ও কাফনের কাপড়ের ভেতরে একটি বাদামি রঙের চাদর ছিল। এ নিয়ে উপজেলায় বড় ফেনী ও মুহুরী নদী থেকে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করা হলো।

 

বাদামতলী এলাকার রবিউল ইসলাম বলেন, গতকাল বিকেলে একটি মৃতদেহ বাদামতলী এলাকায় মুহুরী নদীর তীরে ঝোপের মধ্যে আটকে পড়ে। পরে কয়েকজন মৎস্যজীবী লাশটি ভাসতে দেখেন। খবর পেয়ে তাৎক্ষণিক তারা আট-দশজন গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশকে খবর দেন। লাশ অর্ধগলিত হওয়ায় বেশিক্ষণ দেরি না করে স্থানীয়ভাবে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।

 

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বলেন, মুহুরী নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করে দাফন করার কথা তিনি শুনেছেন। এ ছাড়া উপজেলায় বন্যার পানিতে ডুবে, বন্যার কারণে বিদ্যুতায়িত হয়ে আশ্রয়কেন্দ্র থেকে পড়ে দুই শিশুসহ আরও চারজনের মৃত্যু হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।