জামালপুরের মেলান্দহ উপজেলার রৌমারি বিলে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে বিলে গোসল করতে নেমে নিখোঁজ শফিকুল ইসলাম (২৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর ) বেলা সাড়ে ১০ টা দিকে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রৌমারী বিলে থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত, শফিকুল শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সাতানী এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি ওই ডা. সেকান্দার আলী কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,' তিন ছেলে ও দুই মেয়ে বন্ধু রৌমারী বিলে ঘুরতে আসেন শেরপুরে শ্রীবরদী উপজেলা থেকে। বিলের রাস্তার কালভার্টের উপর পাঁচ বন্ধু মিলে বসে থাকেন। এসময় ছেলে তিন বন্ধু গোসল করতে নামেন। গোসল করার একপর্যায়ে কালভার্টের উপর থেকে লাফ দেন। এ সময় পানির প্রবল স্রোতে বিলের মাঝে চলে যান। পরে স্থানীয়রা দুজনকে জীবিত উদ্ধার করলেও একজন বিলের পানিতে ডুবে যায়। নিখোঁজের প্রায় ১৯ ঘন্টা পরে মরদেহ উদ্ধার করা হয়।
একই সাথে ঘুরতে আসা তার বন্ধু রাজা মিয়া জানান, বৃহস্পতিবার দুপুরে তিন বন্ধু ও দুই বান্ধবী (মোট পাচজন) মিলে শেরপুর থেকে রৌমারি বীলে ঘুরতে যায়। দুপুর ২টার দিকে তিন বন্ধু মিলে রৌমারি বিলে গোসল করতে পানিতে ঝাপ দেয়। কিন্ত বিল থেকে অন্য দুই বন্ধু উঠে আসলেও শফিকুল উঠতে পারেনি।
স্থানীয় কয়েকজন জানান,' কালভার্ট থেকে তিনজন গোসল করার জন্য লাফ দেন। একজন ঝাঁপ দেওয়ার সাথে সাথেই সড়কে উঠে পড়েন। পানির স্রোতে ভেসে যায় দুইজন। তাঁদের ভেসে যাওয়া দেখে লোকজন নৌকা নিয়ে দ্রুত তাদেরকে উদ্ধার করতে গেলে একজন পানিতে ডুবে যায় আর একজনকে উদ্ধার করে। ডুবে যাওয়া ওই ছেলের মরদেহ ফায়ার সার্ভিস উদ্ধার করেছেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন,'বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে গোসলে নেমে এক কলেজ শিক্ষার্থী নিখোঁজ হয়েছিল। শুক্রবার সকালে বিল থেকে মরদেহ উদ্ধার হয়েছে, ঘটনাস্থলে পুলিশে রয়েছে। নিহতের পরিবারের অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, একই জায়গায় গত ১৮ আগস্ট (শুক্রবার) গোসলে নেমে সৌহার্দ (১৬) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়। পরদিন নিখোঁজের ২২ঘন্টা পর তার মরদেহ ভেসে উঠলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তা উদ্ধার করে।





