মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মাটিবোঝাই বাল্কহেড ডুবে গেছে। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে মুন্সীগঞ্জ শহরের লঞ্চঘাটের অদূরে শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন ধলেশ্বরী নদীতে ওই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহী লঞ্চ এমভি পূবালী-৯ ঢাকার সদরঘাট থেকে প্রায় সাড়ে তিন শতাধিক যাত্রী নিয়ে পটুয়াখালীর চরমুলতান এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে মুন্সীগঞ্জ লঞ্চঘাটের অদূরে ধলেশ্বরী নদীতে নোঙর করা মাটিবোঝাই এম ভি রাজিন বাল্কহেডকে ধাক্কা দেয় লঞ্চটি। এতে বাল্কহেডটি ডুবে যায়। এ সময় পাঁচজনকে স্থানীয়রা উদ্ধার করে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে নিয়ে আসেন।
মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজ্জাদ করিম বলেন, বাল্কহেডে থাকা পাঁচজন কর্মীকে উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসা সম্ভব হয়েছ। ক্ষতিগ্রস্ত যাত্রীবাহী লঞ্চ এমভি পূবালী-৯ কে নিরাপদে তীরে নোঙর করা হয়েছে। সদরঘাট থেকে অপর আরেকটি লঞ্চ রওনা হয়েছে। ওই লঞ্চটি এসে দুর্ঘটনাল কবলিত লঞ্চের যাত্রীদের নিয়ে পটুয়াখালী রওনা হবে।





