Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দাফনের ১৪ দিন পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

admin • 16 Feb 2023, 09:45 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দাফনের ১৪ দিন পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

বগুড়ার শিবগঞ্জে দাফনের ১৪ দিন পর আদালতের নির্দেশে নাদিরা বেগম নামে এক গৃহবধূর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আটমুল ইউনিয়নের আতাহার গ্রামের কবর থেকে তার লাশ উত্তোলন করা হয়।

 

মামলা সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি রাতে আতাহার গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী নাদিরা বেগম মারা যান। লাশ দাফনের পর ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি অস্বাভাবিক দাবি করে ৭ ফেব্রুয়ারি আদালতে হত্যা মামলা করেন নাদিরার চাচাতো ভাই সাইদুর রহমান।

 

মামলায় নাদিরার স্বামী হেলাল উদ্দিনসহ তিনজনকে আসামি করা হয়। এ ঘটনায় আদালত ৯ ফেব্রুয়ারি নাদিরার লাশ উত্তোলনের আদেশ দেন। আজ দুপুর ১২টায় জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিলের উপস্থিতিতে কবর থেকে লাশ তোলা হয়।

 

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম, আটমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

 

সাইদুর রহমান জানান, আমার বোনের দেহে জখমের চিহ্ন ও হাতের নখের দাগ ছিল। এ থেকে বোঝা যায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

 

বগুড়া জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল জানান, আদালতের নির্দেশে কবর থেকে লাশ তোলা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।