'অবৈধ ড্রেজারের বালু উত্তোলনে ভাঙ্গনের হুমকিতে রাস্তা'-শিরোনামে গত ১২ আগস্ট l ডেইলী মিরর অব বাংলাদেশ-এ প্রতিবেদন প্রকাশের পর টনক নড়ে উপজেলা প্রশাসনের। অবশেষে জামালপুরের মেলান্দহ উপজেলায় অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ধ্বংস ও ড্রেজার মেশিন জব্দ করা হয়।
রবিবার (১৩ আগস্ট ) দুপুরে উপজেলার নয়ানগর ইউনিয়নের বানুর মোড় সংলগ্ন ৫নং চর যাওয়ার রাস্তায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোহরা সুলতানা যূথি। এসময় তার অফিসের কর্মচারী ও আনসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানের সময় অবৈধভাবে রাস্তার পাশ থেকে বালু উত্তোলন করার সময় দুটি ড্রেজার (শ্যালো মেশিন) জব্দ করা হয়।
ব্যবহৃত পাইপ ধ্বংস করা হয়। জানা গেছে, উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী বানুর মোড় সংলগ্ন ৫নং চরের রাস্তার পাশে নিচু জায়গা থেকে কোনো বাধ না দিয়েই দু'সপ্তাহের বেশি সময় ধরে অবৈধভাবে নির্বিকারে চলছে বালু উত্তোলন চলছিলো।
এতে রাস্তা, আশ পাশের ফসলি জমি ভাঙ্গনের হুমকি সহ ড্রেজার মেশিনের বিকট শদ্বে অতিষ্ঠ হয়ে উঠেছিলো আশপাশের মানুষেরা। এ ধরনের অভিযান পরিচালনা করায় স্বস্তি ফিরেছে ওই এলাকার বাসিন্দাদের মাঝে। তবে আতঙ্ক রয়েই গেছে। কিছুদিন পর সুযোগ বুঝে বালুখেকোরা আবারও বেপরোয়া না হয়ে উঠে।
এ ধরনের অভিযান শুধু ওই এলাকায় নয়, পুরো উপজেলায় পরিচালনার দাবি জানান তারা। ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসিল্যান্ড জোহরা সুলতানা যূথি জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে প্রতিবেদন প্রকাশের জন্য ডেইলী মিররকে ধন্যবাদ জানান তিনি।





