জামালপুরের বকশীগঞ্জে নাশকতা পরিকল্পনার অভিযোগে বিএনপি-জামায়াতের ১০১ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। গতরাতে নাশকতা পরিকল্পনার সময় ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএনপি ও জামায়াতের ৬৬ নেতা কর্মীর নাম মামলা দায়ের করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৫ আগস্ট) বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান বাদী হয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে বিএনপি ও জামায়াতের ৬৬ নেতা কর্মীর নামে মামলাটি দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাত আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামী করা হয়েছে।
বকশীগঞ্জ থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে পৌর এলাকা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি-জামায়াতের কর্মীরা পৌর এলাকার মালিরচর নয়াপাড়া এলাকায় একটি ভাঙারী দোকানের সামনে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে ও জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে ককটেল সহ দেশীয় অস্ত্র নিয়ে নাশকতা কর্মকান্ড করছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে নাশকতাকারীরা দ্রত পালিয়ে যায়। এসময় পুলিশ তল্লাশী চালিয়ে বাট্টাজোড় ইউনিয়নের শাহাজল হকের ছেলে মোরশেদ আলী (৪৮) ও ধানুয়া কামালপুর নয়াপাড়া গ্রামের নাইবুল্লাহ শেখের ছেলে ইউসুফ আলী (৩৮) কে গ্রেপ্তার করে।
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, গ্রেপ্তারকৃতদের জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে মামলার অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।





