খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে এক বাবার মৃত্যু হয়েছে। নিহত ওই বাবার নাম আবুল কালাম (৩০)। বুধবার দুপুরে নিহত আবুল কালামের বাড়িতে মোটরভ্যানে চার্জ দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। মৃত আবুল কালাম জেলার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের চাকুন্দিয়া গ্রামের মো. সিরাজ মালির ছেলে।
আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন বলেন, আবুল কালাম দুপুরে নিজ বাসভবনে মোটর ভ্যানে চার্জে বসিয়ে মোটরভ্যানে কাজ করছিলেন।
এমন সময় দেখতে পান কালামের সাত বছর বয়সী ছেলে আলিফকে বিদ্যুৎ স্পর্শ করেছে। ছেলেকে বাঁচাতে গিয়ে নিজে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার করুণ মৃত্যু হয়। অপরদিকে আলিফ হোসেন আহত হয়।





