জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে চাঁদপুরের হাজীগঞ্জে আজাদ সরকারকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক এই তথ্য নিশ্চিত করেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলনের প্রথম দিন গতবছর ৪ আগস্ট বিকেলে নিজ বসতবাড়ির সামনে হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হিমেলের বাবা আজাদ সরকারকে কুপিয়ে গুরুতর আহত করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই কুমিল্লায় একটি বেসরকারি হাসপাতালে মারা যান।
এ ঘটনায় গতবছর ১৪ আগস্ট হাজীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ছেলে হিমেল সরকার। মামলায় এজাহারে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়। ওই মামলার নামীয় আসামি হিসেবে বুধবার (৮ জানুয়ারি) দিনগত রাতে রাজধানী থেকে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে র্যাব ও পুলিশের একটি দল।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, যৌথ বাহিনীর অভিযানে ঢাকা থেকে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাকে ঢাকা থেকে হাজীগঞ্জ থানায় এনে আদালতে সোপর্দ করা হবে। এই মামলায় অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।





