জামালপুরের মেলান্দহ উপজেলায় সুরাইয়া বেগম (৫৫) নামে এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের টগারচর গ্রামের ওই নারীর বাড়ির পাশের গোয়ালঘর থেকে তার লাশ উদ্ধার করেছে মেলান্দহ থানা পুলিশ। নিহত সুরাইয়া বেগম স্থানীয় টগারচর গ্রামের কৃষক আজিজুল হকের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার ঝাউগড়া ইউনিয়নের টগারচর গ্রামের কৃষক আজিজুল হক আজ বুধবার ভোরে ফজরের নামাজ পড়ার জন্য স্থানীয় মসজিদে যান।
নামাজ শেষে বাড়িতে ফিরে স্ত্রী সুরাইয়া বেগমকে না পেয়ে তাদের গোয়ালঘরে গিয়ে তার গলাকাটা লাশ দেখতে পান। পরে আজিজল হকের ডাক চিৎকারে স্থানীয়রা ওই বাড়িতে ছুটে যান। খবর পেয়ে বুধবার সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠায় মেলান্দহ থানা পুলিশ।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, নিহত সুরাইয়া বেগমের লাশ ময়নাতদন্তে জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের কারণ জানতে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তদন্তে নেমেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।





