কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দুই থেকে তিন শতাধিক পরিবার জলাবদ্ধতার দুর্ভোগ থেকে স্বস্তি পেয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
শিমুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী প্রভাষক সাইফুর রহমান আল-আমীনের সার্বিক তত্ত্বাবধানে এবং স্থানীয় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল ও এলাকাবাসীর সম্মিলিত কায়িক শ্রমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ওই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল। এতে বাড়িঘর ও চলাচলের রাস্তায় পানি জমে জনদুর্ভোগ চরমে পৌঁছায়।
সমস্যা সমাধানে জামায়াতে ইসলামীর ইউনিয়ন শাখার দায়িত্বশীল ও কর্মী-সমর্থকরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে মাঠে নামেন। তারা পানি নিষ্কাশনের পথ পরিষ্কার এবং ড্রেনেজ ব্যবস্থার জট দূর করেন। এতে দ্রুত পানি নিষ্কাশিত হয়ে জলাবদ্ধতা অনেকটাই কমে যায়।
এ সময় শিমুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, ইউনিয়ন সেক্রেটারি, উলামা বিভাগের সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি, বাইতুলমাল সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া স্থানীয় শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে কাজে অংশ নেন। সম্মিলিত প্রচেষ্টায় পানি নিষ্কাশনের ব্যবস্থা হওয়ায় কয়েক শ পরিবার স্বস্তি পেয়েছে বলে জানান স্থানীয়রা।
উপকারভোগী পরিবার ও এলাকাবাসী জনদুর্ভোগ লাঘবে নেওয়া এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।





