Thursday, 8 October 2026
শিরোনাম
সারা দেশ খুলনা

কুষ্টিয়ার সাবেক এমপির বিরুদ্ধে দুদকের মামলা

• • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ার সাবেক এমপির বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী। ছবি সংগৃহিত

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর বিরুদ্ধে ৫৭ লাখ ৬ হাজার ৬০০ টাকার সম্পদের তথ্য গোপন এবং ২ কোটি ৬৬ লাখ ৭২ হাজার ৫৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

 

দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের নথি অনুযায়ী, গতকাল (বুধবার, ৭ অক্টোবর) বেলা ১১টায় মামলাটি করা হয়। এতে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।

 

 

মামলার নথিতে বলা হয়, রেজাউল হক চৌধুরী দাখিল করা সম্পদ বিবরণীতে স্থাবর সম্পদ ২ কোটি ৫২ লাখ ১৬ হাজার ৪০০ টাকা এবং অস্থাবর সম্পদ ৫৬ লাখ ২৯ হাজার ৩৮ টাকা দেখান। তবে নথি যাচাইয়ে তার নামে স্থাবর সম্পদ ২ কোটি ৭৪ লাখ ২৩ হাজার টাকা এবং অস্থাবর সম্পদ ৯১ লাখ ২৯ হাজার ৩৮ টাকা পাওয়া যায়।

 

 

দুদকের হিসেবে, দায়-দেনা বাদ দিয়ে তার মোট সম্পদ ৩ কোটি ৫ লাখ ৩৫ হাজার ৮৩ টাকা। পারিবারিক ব্যয়সহ মোট অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় ৩ কোটি ৪৩ লাখ ৪৭ হাজার ৮৩ টাকা। বিপরীতে তার গ্রহণযোগ্য মোট আয় ৭৬ লাখ ৭৪ হাজার ৫৪৮ টাকা। এতে ২ কোটি ৬৬ লাখ ৭২ হাজার ৫৩৫ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে নথিতে উল্লেখ করা হয়েছে।

 

 

দুদক জানায়, সম্পদ বিবরণী যাচাইয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর গত ১ অক্টোবর প্রধান কার্যালয় থেকে মামলা করার অনুমোদন দেয়া হয়। অভিযোগের সময়কাল ১৯৮৫ সাল থেকে ২৬ আগস্ট ২০২৫ পর্যন্ত।

 

 

এ মামলার বাদী দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বুলবুল আহমেদ। তদন্তে নতুন কোনো সম্পদ বা অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরও মামলায় অন্তর্ভুক্ত করার কথা নথিতে বলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।