ইউরোপীয় পার্লামেন্টের ব্যস্ত একটি করিডোরে এখন রাজনীতিবিদদের সামনে হাজির হচ্ছে আমেরিকান ক্ষমতার এক ব্যঙ্গাত্মক ও সোনায় মোড়ানো প্রতিকৃতি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮.৫ ফুট উচ্চতার একটি ভাস্কর্য। ভাস্কর্যটিতে ট্রাম্পকে নগ্ন অবস্থায় দেখানো হয়েছে। তবে শরীরে রয়েছে ২৩ ক্যারেট সোনার পাতের পাতলা আবরণ।
ভাস্কর্যটির নির্মাতা ডেনমার্কের শিল্পী ইয়েন্স গালশিওট মঙ্গলবার এটি উন্মোচনের পর ফোনে বলেন, ট্রাম্প সোনা পছন্দ করেন। এক অর্থে, আমার মনে হয় তিনি এই ভাস্কর্যটি পছন্দই করবেন।
‘দ্য অরেঞ্জ প্লেগ’ শিরোনামের এই শিল্পকর্মটি ফ্রান্সের স্ট্রাসবুর্গে স্থাপন করা হয়েছে। এখানেই ইউরোপীয় পার্লামেন্টের সরকারি আসন অবস্থিত। তামা দিয়ে তৈরি এই ভাস্কর্যটির আরেক নাম ‘কিং অব ইনজাস্টিস’। এতে মার্কিন প্রেসিডেন্টকে একজন দুর্বল ও অপেক্ষাকৃত ছোট আকৃতির ব্যক্তির কাঁধের ওপর বসে থাকতে দেখা যায়।
ট্রাম্পের উরু ও ঝুলে থাকা পেট ওই ব্যক্তির মাথাকে শক্তভাবে ঘিরে রেখেছে। তার দুই হাতে রয়েছে একটি লম্বা গলফ ক্লাব এবং ন্যায়বিচারের দাঁড়িপাল্লা।
ভাস্কর্যটির পাদদেশে লেখা রয়েছে, “আমি একজন মানুষের পিঠের ওপর বসে আছি। আমার ভারে সে ডুবে যাচ্ছে। তাকে সাহায্য করার জন্য আমি যেকোনো কিছু করব। শুধু তার পিঠ থেকে নেমে আসা ছাড়া।”





