কিশোরগঞ্জের করিমগঞ্জে আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগী জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধান সমন্বয়ক এম সানাউল হককে গ্রেফতার করে বিচারের দাবিতে জুতা ও ঝাড়ু মিছিল হয়েছে।
রোববার (২৫ আগস্ট) বিকেলে করিমগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিকেলে করিমগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় থেকে জুতা ও ঝাড়ু হাতে নিয়ে কয়েক হাজার মানুষের একটি মিছিল বের হয়।
মিছিলটি করিমগঞ্জ বাজার প্রদক্ষিণ করে করিমগঞ্জ প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মী ও এলাকাবাসী সানাউল হক ও মুজিবুল হক চুন্নুর কুশপুত্তলিকা দাহ করে আনন্দ-উল্লাসে মেতে ওঠে। এ বিক্ষোভ মিছিলে হাজার-হাজার নেতাকর্মী ও এলাকাবাসী অংশ নেয়।
মিছিল ও সমাবেশ থেকে দাবি করা হয়, হুকুমের আসামি হিসেবে যদি শেখ হাসিনার নামে মামলা ও বিচার হয়। তবে গত ১৬ বছর শেখ হাসিনার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান সমন্বয়ক হিসেবে সানাউল হকের বিচার হওয়া উচিৎ। কারণ রাজনৈতিক প্রতিপক্ষ নিরীহ-নিরপরাধ লোকজনকে মানবতাবিরোধী অপরাধের মিথ্যা মামলা দিয়ে তিনি ফাঁসিতে ঝুলিয়েছেন। মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে শত-শত কোটি টাকা আদায় করেছেন। একরের পর একর হিন্দু সম্পত্তি দখল করে বিলাসবহুল প্রমোদ ভবন গড়ে তুলেছেন, করিমগঞ্জ বাজারে ছয়তলা অট্টালিকা এবং আয়লা এলাকায় সিএনজি পাম্প ও বিশাল ফার্ম গড়ে তোলার পাশাপাশি হাওড়ে এক হাজার ৫০০ একর জমি ক্রয় করেছেন। ঢাকায়ও গড়ে তুলেছেন একাধিক প্রাসাদোপম বাড়ি। এমন সব অপরাধের জন্য অবিলম্বে তাকে গ্রেফতার করে ফাঁসিতে ঝুলাতে হবে বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা।
একই সময় পতিত হাসিনা সরকারকে অনৈতিক ভাবে সহযোগিতা দিতে জাতীয় পার্টিকে বাধ্য করার অভিযোগে ও-ই আসনের সাংসদ জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী মুজিবুল হক চুন্নুকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
সমাবেশের বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক দুলাল শিকার, যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোশাররফ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক কনক, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি জুলহাস উদ্দিন বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন খান পল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক সজক সরকার, বিএনপি নেতা ভূঁইয়া মো. রোকন উদ্দিন, ছাত্রদলে আহ্বায়ক মাজহারুল ইসলামের, পৌর ছাত্রদলের আহ্বায়ক হানিফ মিয়া প্রমুখ।





