Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কাপ্তাই হ্রদে যাত্রীবাহী নৌযান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

admin • 06 Aug 2023, 11:37 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কাপ্তাই হ্রদে যাত্রীবাহী নৌযান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙামাটি পার্বত্য জেলায় চলমান অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে জানমালের নিরাপত্তার স্বার্থে কাপ্তাই হ্রদে নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

রোববার (৬ আগস্ট) সন্ধ্যায় রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অতি বর্ষণের ফলে পাহাড় ধসসহ সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানো এবং দুর্যোগ ব্যবস্থাপনার কাজে সম্পৃক্ত সকল অংশীজনকে নিয়ে আয়োজিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দুই দিন বন্ধ থাকার পর সোমবার (৭ আগস্ট) সকাল ৬টা থেকে কাপ্তাই হ্রদে চলাচলকারী সকল যাত্রীবাহী নৌযান সাবধানতা অবলম্বনপূর্বক পূর্বের নিয়মে চলাচল করার সিদ্ধান্ত গৃহীত হয় সভায়। তবে সকল ট্যুরিস্ট বোট চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে সভায় রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমীন, সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী, জনপ্রতিনিধি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম বলেন, অতি ভারী বর্ষণের ফলে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢল ও স্রোতের কারণে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে আমরা নৌ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছিলাম। যেহেতু আজ সন্ধ্যার পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে তাই যাত্রীদের অসুবিধার কথা বিবেচনা করে আন্তঃউপজেলা নৌ চলাচলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে ট্যুরিস্ট বোট চলাচলে নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।

নৌযান মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) রাঙামাটি জোনের সভাপতি মঈনউদ্দিন সেলিম বলেন, প্রশাসনের নির্দেশনা মোতাবেক আমরা যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রেখেছিলাম, আগামীকাল সকাল থেকে আবার চলাচল শুরু হবে। লঞ্চগুলোকে আবহাওয়ার দিকে সতর্ক দৃষ্টি রেখে সাবধানে চলাচল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ভারী বর্ষণের কারণে শনিবার (৫ আগস্ট) কাপ্তাই হ্রদে নৌ চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।