ভারতের আসাম রাজ্যের নারায়ণপুর স্থলবন্দর সংলগ্ন এলাকায় গরু পারাপারের সময় বিএসএফের গুলিতে দুই ভারতীয় নাগরিক আহত হয়েছেন। গত ৪ অক্টোবর বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। আহতরা হলেন- আসামের দক্ষিণ সালমারা-মাঙ্কাচর জেলার সুখচর থানার বড়বালু এলাকার ইসমাইল হোসেন (৩৫) ও খাজা আব্দুল আলীম (৩৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, গুরুতর আহত অবস্থায় তারা কুড়িগ্রামের যাত্রাপুরের দইখাওয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে স্থানীয় দুই নৌকার মাঝি রাতে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে তারা হাসপাতালের ১৫ নম্বর সার্জারি (পুরুষ) ওয়ার্ডের পেইন বেডে চিকিৎসাধীন রয়েছেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, দুজনের শরীরেই ককটেল ও গোলাবারুদের আঘাতে গুরুতর রক্তাক্ত জখম রয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে রংপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মহানগর পুলিশের কোতোয়ালি থানায় এসআই বাবলা বাদী হয়ে একটি মামলা করেছেন। অভিযোগ তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।




