যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আটচল্লিশ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) পরিবার।
মঙ্গলবার (১৫ আগষ্ট) সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি সূচনা হয়।
এসময় জাতীয় পতাকা অর্ধনমিতকরণ করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ও কালো পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান। এদিকে ৯টায় হলসমূহে স্ব স্ব প্রভোস্টগণ পতাকা উত্তোলন করেন।
এর পরপরই উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসের সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে এক শোকর্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে এসে শেষ হয়। পরে উপাচার্য উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে সঙ্গে নিয়ে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন এবং জাতির পিতার আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এদিকে দিবসটি ঘিরে সকাল সাড়ে ১০টায় টিএসসিসিতে আলোচনাসভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে কর্তৃপক্ষ।
এছাড়াও সন্ধ্যা ৭ টায় মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল চত্বরে বঙ্গবন্ধুর উপরে নির্মিত এক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে বলে জানায় প্রশাসন।





