মানিকগঞ্জের সিংগাইরে আমের ক্যারেটে ফেনসিডিল বিক্রির সময় মো. হোসেন মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলাম। এর আগে বুধবার দুপুরে সিংগাইর বাজারের শহীদ মার্কেটের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হোসেন মিয়া উপজেলার আজিমপুর গ্রামের মো. আফতাব ফকিরের ছেলে।
ওসি মো. জিয়ারুল ইসলাম জানান, সিংগাইর বাজারে শহিদ মার্কেটের পাশে আমের ক্যারেটে ফেনসিডিল বিক্রি হচ্ছিল এমন খবরের ভিত্তিতে সিংগাইর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে গেলেও হোসেন মিয়াকে আটক করা হয়। তার কাছ থেকে ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮৪ হাজার টাকা।
ওসি আরো জানান, গ্রেফতার হোসেন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।





