বেনাপোলে আওয়ামী লীগের হামলায় নিহত বিএনপি নেতা মো. আব্দুল আলিমের মরদেহ আড়াই বছর পর আদালতের নির্দেশে উত্তোলন করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন ও বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়ার উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আব্দুল আলিম বেনাপোল পৌরসভার ৭নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন।
ওসি রাসেল মিয়া জানান, ২০২২ সালে আলিম হত্যার ঘটনায় ২০২৪ সালের ১৮ নভেম্বর একটি মামলা হয়। ওই মামলার বিচারকার্য পরিচালনার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে আজ মরদেহটি উত্তোলন করা হয়েছে।
উল্লেখ্য, খালেদা জিয়ার সুস্থতা কামনায় ২০২২ সালের ১৬ আগস্ট বেনাপোল পৌর বিএনপি কর্তৃক আয়োজিত দোয়া মাহফিল শুরুর আগ মুহূর্তে আওয়ামী লীগের হামলায় কয়েকজন বিএনপি নেতা আহত হন। তাদের মধ্যে আব্দুল আলিমও ছিলেন। আহত অবস্থায় একমাস চিকিৎসাধীন থাকার পর ১৬ সেপ্টেম্বর যশোরের একটি হাসপাতালে মারা যান তিনি। ওই সময় তার পরিবারের পক্ষ থেকে কোনো মামলা না করলেও স্বৈরাচার সরকারের পতনের পর ২০২৪ সালে ১৮ নভেম্বর একটি হত্যা মামলা দায়ের করেন।





