শিশুদের টিভি বা স্ক্রিন না দেখাতে অভিভাবকদের পরামর্শ দিয়েছে সুইডেন সরকার। গতকাল সোমবার দেশটির সরকারি স্বাস্থ্যবিষয়ক সংস্থা এ পরামর্শ দেয়।
অভিভাবকদের উদ্দেশে সংস্থাটি বলে, দুই বছরের কম শিশুদের ডিজিটাল মিডিয়া ও টেলিভিশন একেবারেই দেখাবেন না। একইসঙ্গে ২ থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য দৈনিক সর্বোচ্চ এক ঘণ্টা, ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য দুই ঘণ্টা, এবং ১৩ থেকে ১৮ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য সর্বোচ্চ তিন ঘণ্টা স্ক্রিন টাইম রাখার জন্য অভিভাবকদের প্রতি পরামর্শ দিয়েছে সুইডিশ সরকার।
সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, সুইডেনের ১ থেকে ১৫ বছর বয়সী শিশু ও কিশোরদের মধ্যে প্রায় অর্ধেকেরই পর্যাপ্ত ঘুম হচ্ছে না। ঘুমের এই অভাবের পেছনে মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে টেলিভিশন ও স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারকে, যা শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
সুইডেনের সরকারি স্বাস্থ্যবিষয়ক বিশেষভাবে উল্লেখ করেছে যে, শিশুদের রাতে ঘুমাতে যাওয়ার আগে স্ক্রিন থেকে দূরে থাকা উচিত এবং ঘুমের সময় স্মার্টফোন বেডরুমের বাইরে রাখা উচিত।সুইডেনের স্বাস্থ্য কর্মকর্তারা প্রাইমারি স্কুলগুলোতে স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের কথাও বিবেচনা করছেন এবং শিগগিরই এ বিষয়ে একটি আদেশ জারি করা হতে পারে।





