Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিহারের মন্দিরে পদপিষ্ট হয়ে ৭ পুণ্যার্থীর মৃত্যু

admin • 17 Aug 2026, 10:53 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বিহারের মন্দিরে পদপিষ্ট হয়ে ৭ পুণ্যার্থীর মৃত্যু

ভারতের বিহার রাজ্যের লখিসরাই জেলার অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত সাতজন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) ভোরে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার উপলক্ষে শিবের মাথায় পানি ঢালতে বিপুলসংখ্যক ভক্ত মন্দিরে জড়ো হলে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার সকালে পূজা দিতে মন্দির চত্বরে বিপুলসংখ্যক পুণ্যার্থী উপস্থিত হন।

এ সময় মন্দির এলাকায় বিদ্যুতের তার বা খুঁটি পড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কায় ভক্তদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কির মধ্যে অনেকে পড়ে গেলে তাদের ওপর দিয়ে অন্যরা চলে যাওয়ায় পদপিষ্টের ঘটনা ঘটে।

 

আহতদের উদ্ধার করে লখিসরাইয়ের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

 

লখিসরাইয়ের জেলা প্রশাসক শৈলেন্দ্র কুমার সাংবাদিকদের জানান, বিপুলসংখ্যক পুণ্যার্থী একসঙ্গে মন্দিরে উপস্থিত হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভোর সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে পরপর দুটি ট্রেনে বিপুলসংখ্যক ভক্ত এসে পৌঁছানোর পর মন্দির এলাকায় ভিড় আরও বেড়ে যায়। একপর্যায়ে মন্দিরের সামনের ব্যারিকেড ভেঙে পড়ে।

 

তিনি জানান, মন্দির চত্বরে বিদ্যুতের একটি খুঁটি পড়ে যাওয়ার কারণে কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাকতে পারেন। এর পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পদপিষ্টের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

 

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা শিব কুমার বার্তা সংস্থা এএনআইকে সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ঘটনার পর প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ভিড় নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযান তদারকি শুরু করেছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। লখিসরাইয়ের অশোকধাম মন্দিরটি ‘শ্রী ইন্দ্রদমনেশ্বর মহাদেব মন্দির’ নামেও পরিচিত। বিশাল শিবলিঙ্গের কারণে মন্দিরটি বিশেষভাবে পরিচিত এবং শ্রাবণ মাসে এখানে বিপুলসংখ্যক ভক্তের সমাগম হয়।

 

সোমবার শ্রাবণ মাসের তৃতীয় সোমবার হওয়ায় অন্যান্য দিনের তুলনায় মন্দিরে পুণ্যার্থীর সংখ্যা ছিল অনেক বেশি। এ অবস্থায় পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।