Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

'সাহসিকা উদ্যোক্তা'সম্মাননা পেলেন ৮ নারী

admin • 10 Mar 2024, 07:50 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
'সাহসিকা উদ্যোক্তা'সম্মাননা পেলেন ৮ নারী

বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় নারী উদ্যোক্তাদের সম্পৃক্তকরণের মাধ্যমে সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে শুক্রবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবসে আটজন সফল নারী উদ্যোক্তার হাতে তুলে দেওয়া হয়েছে সাহসিকা নারী উদ্যোক্তা সম্মাননা।

রাজধানীর আইডিইবি মিলনায়তনে ‘বাঁধ ভেঙে দাও’ স্লোগানে সারা দেশের প্রায় ৫০০ নারী উদ্যোক্তার অংশগ্রহণে সিটি আলো সাহসিকা-নারী উদ্যোক্তা সমাবেশে এ সম্মাননা দেওয়া হয়।

উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই), বাংলাদেশ ও নেদারল্যান্ডভিত্তিক উদ্যোক্তা পরামর্শক প্রতিষ্ঠান PUM এর সহযোগিতায় স্বপ্নশীলন ও ক্যারিয়ার কেয়ার.কমের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব ও চ্যানেল আইয়ের বার্তা পরিচালক শাইখ সিরাজ, সাবেক জাতীয় ফুটবলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক রেহানা পারভীন, সিটি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিটি আলোর প্রধান নাসরীন আক্তার, উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্টের (উই) প্রতিষ্ঠাতা সভাপতি নাসিমা আক্তার নিশা, PUM এর কান্টি রিপ্রেজেন্টেটিভ পল্লব মাজহাব উদ্দীন এবং লেখক, উন্নয়ন গবেষক ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক নাজমুল হুদা।

এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে সাহসিকা সম্মাননা ২০২৪ পান মোছা. খাদিজা খাতুন-রুপ ফ্যাশন ওয়ার্ল্ড, জান্নাত আরা মিলি-হোম কিচেন অ্যান্ড মিলি বুটিক্স হাউস, মোছা. কাশমিরি সুলতানা-কাশ্মিরিস স্টুডিও, সালমা পারভীন-প্রকৃতির ছোঁয়া, রাজিয়া কবির-রাজিয়া অ্যাগ্রো ফার্ম, নাজমুন নাহার-রুপাজ্জেল, দীপা বণিক-দীপান্বিতা ও ঈমানা হক জ্যোতি (উই)।

পরে চতুর্থ শিল্পবে শামিল হতে কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উদ্যোক্তা সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানান শাইখ সিরাজ। এ সময় উদ্যোক্তাদের নানা প্রশ্নের আলোকে উন্মুক্ত আলোচনা করেন তিনি। পরে নতুন উদ্যোক্তাদের সাপ্লাই চেইন ব্যবস্থাপনা ও সরবরাহ কৌশল নিয়ে কর্মশালা পরিচালনা করেন নেসলের সাপ্লাই চেক-ইন প্ল্যানিং হেড ফয়সাল আলম এবং ডিজিটাল মার্কেটিং ও নেটওয়ার্কিং নিয়ে কথা বলেন ফরিদুজ্জামান স্বাধীন।

পরিশেষে Inspiring Women Towards Smart Bangladesh শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কম্পিউটার সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল আনোয়ারের পরিচালনায় এ পর্বে আলোচনায় অংশ নেন বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবীর, উইম্যান অ্যান্ড ই-কমার্স ট্রাস্টের উপদেষ্টা কবির সাকিব, সাইবার ক্রাইম বিষয়ে আলোচিত পুলিশ কর্মকর্তা মিল্টন কুমার দেব দাস ও সাহসিকা সম্মাননা ২৪ বিজয়ী উদ্যোক্তা খাদিজা খাতুন।

সাহসিকা নারী উদ্যোক্তা সমাবেশের সহযোগী পুষ্টি হ্যাপি টাইম, আস্থা লাইফ ইন্স্যুরেন্স, আইডিএলসি, ম্যাগি ও কেয়ার নিউট্রিশন। প্রচার সহযোগী পাক্ষিক অনন্যা, দ্য ডেইলি বিজনেস স্ট্যান্ডার্ড ও বাংলানিউজ২৪.কম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।