Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

সাড়ে ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন আরিফিন শুভ

admin • 31 Jul 2024, 10:27 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সাড়ে ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন আরিফিন শুভ

নাটক-সিনেমা বা মিউজিক ভিডিও নয়। বাস্তব জীবনেই দাম্পত্য সম্পর্কের ইতি টেনেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। গত ২০ জুলাই স্ত্রী অর্পিতার সঙ্গে তার সাড়ে ৯ বছরের বৈবাহিক সম্পর্ক শেষ হয়েছে।

বুধবার রাত ৯টা ২৫ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে আরিফিন শুভ নিজেই এ তথ্য জানিয়েছেন।

পোস্টের শুরুতে শুভ লিখেছেন, দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনো কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি, তারপরও মনে হল আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে।

তিনি আরো লিখেছেন, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসেবেই ঠিক আছি, জীবনসঙ্গী হিসেবে নয়। আমরা গত ২০ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, বন্ধুত্বটুকু নিয়ে দুইজনের সম্মতিতে বাকী জীবন নিজেদের মতো করে বাঁচবো।

এরপরই কৃতজ্ঞতা ও ঋণ স্বীকার করেছেন প্রাক্তনের প্রতি। লিখেছেন, অনেক চড়াই-উৎরাই এর পরও অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছে, সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী।

ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ে ভক্তদের জন্য শুভ বলছেন, মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে। কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের দোয়া ও ভালবাসা আমার সঙ্গে আছে, যেটা নিয়ে বাকী জীবনটা সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারবো।

ফ্যাশন ডিজাইনার অর্পিতার সঙ্গে ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসেন আরিফিন শুভ।

বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে আরিফিন শুভর ‘নূর’, ‘নীলচক্র’ ও ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমা। এছাড়া ভারতের সনি লিভ-এর একটি ওয়েব সিরিজে কাজের গুঞ্জনও শোনা যাচ্ছে এই নায়কের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।