Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

সরকারি কর্মকর্তাদের উচ্চশিক্ষায় ৩৬৬ কোটি টাকা দেবে জাপান

admin • 17 Jul 2023, 07:55 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সরকারি কর্মকর্তাদের উচ্চশিক্ষায় ৩৬৬ কোটি টাকা দেবে জাপান

বিসিএস ক্যাডার কর্মকর্তা, জুডিশিয়াল সার্ভিস, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের প্রথম শ্রেণির কর্মকর্তাদের উচ্চ শিক্ষার জন্য ৩ দশমিক ৩৮ মিলিয়ন মার্কিন ডলার (৩৬৬ কোটি টাকা) অনুদান দেবে জাপান সরকার। এ প্রকল্পের আওতায় উচ্চতর ডিগ্রি অর্জন করতে পারবেন এ চার বিভাগের কর্মকর্তারা।

সোমবার (১৭ জুলাই) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বাস্তবায়নাধীন ‘দ্য প্রজেক্ট ফর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্কলারশিপ’ শীর্ষক প্রকল্পে ৪৭২ মিলিয়ন জাপানিজ ইয়েন (আনুমানিক ৩.৩৮ মিলিয়ন মার্কিন ডলার) অনুদান সহায়তা দেবে জাপান সরকার। ১০৮ টাকা ৫০ পয়সা রেটে হিসাব করলে যা দাঁড়ায় ৩৬৬ কোটি ৫৫ লাখ টাকা।

আজ (সোমবার) বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে ‘বিনিময় নোট’ ও ‘অনুদান চুক্তি’ সই হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান চুক্তিতে সই করেন। জাপান সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও ঢাকায় নিযুক্ত জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইসোগনি তমাদি এতে সই করেন।

এ প্রকল্পটি ২০০১ থেকে ২০২৫ পর্যন্ত মেয়াদে চলমান রয়েছে। প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো বিসিএস ক্যাডার কর্মকর্তা, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কর্মকর্তা, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের প্রথম শ্রেণির কর্মকর্তাগণদের জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ও পিএইচডি কোর্সে অধ্যয়নের লক্ষ্যে বৃত্তি প্রদান। এ পর্যন্ত প্রকল্পের আওতায় ৪১৪ জন কর্মকর্তা মাস্টার্স ও পাঁচজন কর্মকর্তা পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। কর্মকর্তারা ডিগ্রি অর্জন শেষে দেশে ফিরে করে স্ব-স্ব ক্ষেত্রে দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করছেন।

জাপান বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী দেশ। স্বাধীনতার পর থেকে এ যাবৎ জাপান সরকার ৩০ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে। বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে জাপান গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। নমনীয় ঋণ ছাড়াও জাপান বিভিন্ন প্রকল্পে অনুদান ও কারিগরি সহায়তা দিচ্ছে, যার মধ্যে মানব সম্পদ উন্নয়ন, আর্থ-সামাজিক উন্নয়ন ও পরিবেশ সুরক্ষা বিশেষভাবে উল্লেখযোগ্য।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।