দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিনোদন জগতের ১৫ জন তারকা। নতুনদের মধ্যে শুধু নায়ক ফেরদৌস আহমেদই মনোনয়ন পান। ঢাকা-১০ আসনে নৌকা প্রতীকে লড়ে এমপিও হয়েছেন তিনি।
সেই মনোনয়ন তালিকায় স্থান পাননি আর কোন তারকা। সম্প্রতি সংরক্ষিত নারী আসনেও শিল্পীদের মনোনয়নপত্র কেনার ক্ষেত্রে বেশ আগ্রহ দেখা গেছে অনেকের।
আর আজ (১৪ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে নিজেদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। সেই তালিকায়ও নেই নতুন কোনো অভিনেত্রীর নাম।
দলটির তথ্য অনুযায়ী জানা যায়, সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন সুজাতা বেগম, লাকী ইনাম, সুবর্ণা মুস্তাফা, শমী কায়সার, রোকেয়া প্রাচী, তারিন জাহান, শিমলা, মেহের আফরোজ শাওন, তানভীন সুইটি, অপু বিশ্বাস, নিপুণ, শামীমা তুষ্টি, শাহনূর, ঊর্মিলা শ্রাবন্তী কর, সোহানা সাবা, নুসরাত ফারিয়া প্রমুখ। তবে বাংলাদেশের প্রাচীনতম দলটি তাঁদের কারও ওপর এবার আস্থা রাখেনি।





