Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

শীত মানেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলা

admin • 07 Dec 2024, 05:33 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
শীত মানেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলা

‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ স্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার প্রজাপতি মেলার চতুর্দশ আসরের উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

শুক্রবার (৬ ডিসেম্বর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে এ মেলা অনুষ্ঠিত হয়। প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যতিক্রমী এ মেলার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা।

দিনব্যাপী আয়োজিত এ মেলার আয়োজনের মধ্যে ছিল শিশু-কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারী প্রদর্শনী ও পুরস্কার বিতরণী। মেলা উপলক্ষে প্রজাপতি পার্ক ও গবেষণা কেন্দ্র জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। দিনব্যাপী সেখানে জীবন্ত প্রজাপতি, প্রজাপতিবান্ধব বৃক্ষরাজি ও প্রজনন ক্ষেত্রসহ উন্মুক্ত বাগান ঘুরে দেখার সুযোগ পান দর্শনার্থীরা।

সকাল থেকেই রঙিন প্রজাপতির ওড়াওড়ি দেখতে মেলায় ভিড় জমান দর্শনার্থীরা। নগর জীবনের ব্যস্ততা থেকে মুক্তি পেতে একটুখানি প্রশান্তির খোঁজে সাভারের নবীনগর থেকে মেলা উপভোগ করতে আসেন সাবেক শিক্ষার্থী কামরুন ফারজানা কনিকা। সঙ্গে নিয়ে এসেছেন তার দুই মেয়েকে। মেলায় এসে মেয়েরা ভীষণ আনন্দিত। প্রজাপতির হাটে রঙ-বেরঙের প্রজাপতি দেখতে তারা ছোটাছুটি করছে এদিক-সেদিক। তিনি মেয়েদের বিভিন্ন প্রজাতির প্রজাপতির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। কনিকা জানান, ‘ইট-পাথরের শহুরে জীবনে প্রজাপতি দেখা পাওয়া দুর্লভ। প্রতিবছরই প্রজাপতি মেলায় নিয়ে আসি মেয়েদের। তারাও পাপেট শো, গান, ছবি আঁকায় চমৎকার সময় পার করে।’

এবারের আসরে প্রকৃতি সম্পর্কিত রিপোর্টিংয়ের জন্য বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড লাভ করেছেন সজীবুর রহমান সজীব। পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের জন্য বন ও প্রকৃতি বিষয়ক সংগঠন ‘প্ল্যানটেশন ফর নেচার’ এর প্রতিষ্ঠাতা সবুজ চাকমাকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ ছাড়া বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড লাভ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মো. সাব্বির আহমেদ।

মেলার আহ্বায়ক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, প্রজাপতি এই পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। পরাগায়নের মাধ্যমে প্রজাপতি পরিবেশ ও প্রকৃতি এবং বনাঞ্চল রক্ষায় ভূমিকা রাখছে। প্রজাপতিসহ বিভিন্ন পতঙ্গ আমাদের বাস্তুসংস্থান টিকিয়ে রেখেছে। প্রজাপতি রক্ষায় এর বাসযোগ্য পরিবেশ অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্বারোপ করে, প্রজাপতিসহ সকল পতঙ্গ টিকিয়ে রাখতে জীববৈচিত্রের সাথে সমন্বয় করে দ্রুত মাস্টারপ্ল্যান কার্যকরের দাবি জানান তিনি।

প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, প্রজাপতির কাছ থেকে মানুষের শেখার আছে। প্রজাপতি পরাগায়ণের মাধ্যমে কোনো প্রকার ক্ষতি ছাড়াই আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই প্রকৃতির সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আল মাসুদ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের অধিকর্তা মুকিত মজুমদার বাবু, বন বিভাগের বণ্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মো: ছানাউল্যা পাটওয়ারী এবং আরণ্যক ফাউন্ডেশনের প্রতিনিধি মুরাদ বিন আজিজ প্রমুখ।

সোহাগ /মিরর 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।