Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

ভাড়া নিয়ে বাকবিতণ্ডার ও জাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, ৬টি মৌমিতা বাস আটক

Sohag Shah • 11 Jul 2026, 09:51 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ভাড়া নিয়ে বাকবিতণ্ডার ও জাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, ৬টি মৌমিতা বাস আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে মৌমিতা পরিবহনের একটি বাসের হেলপারের সঙ্গে ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা পরে মৌমিতা পরিবহনের ৬টি বাস আটক করেন।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ছয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বাস আটকানোর ঘটনা ঘটে।

বাসের হেলপার কর্তৃক মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম মো. হিরু মিয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের ৫৫ তম আবর্তনের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী।

লিখিত অভিযোগে ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, শনিবার (১১ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে গাবতলী থেকে সাভারগামী মৌমিতা পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ১৩-১৭৮৬) যাত্রাকালে ভাড়া নিয়ে বাসের হেলপারের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে হেলপার তাকে শারীরিকভাবে আঘাত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তিনি শারীরিকভাবে আহত হন এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বলেও অভিযোগে দাবি করা হয়।

অভিযোগে আরও বলা হয়, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সঙ্গে এমন আচরণ শুধু ব্যক্তিগত নয়, বিশ্ববিদ্যালয়ের মর্যাদারও অবমাননা। একই ধরনের ঘটনা অতীতেও ঘটেছে এবং ভবিষ্যতেও ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এ ঘটনার খবর ক্যাম্পাসে পৌঁছালে পরে তার ক্ষুব্ধ সহপাঠীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে মৌমিতা পরিবহনের ৬টি বাস আটক করেন।

ভুক্তভোগী শিক্ষার্থী লিখিত অভিযোগে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং তার শারীরিক ও মানসিক ক্ষতির জন্য যথাযথ ক্ষতিপূরণ ও চিকিৎসা ব্যয় বহনের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পোছাই। আমরা ভুক্তভোগী শিক্ষার্থীর কাছে লিখিত অভিযোগ নিয়েছি। ইতোমধ্যে আমরা লাইনম্যানের সাথে যোগাযোগ করেছি। আমরা ম্যানেজারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। আমরা দ্রুতই এ ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। আমরা ম্যানেজারকে ডেকে এনে তখন আমাদের শিক্ষার্থীদের ডেকে বিষয়টি সুরাহা করবো।

সোহাগ/মিরর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।