Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে সচিবালয় ছাড়লেন জবি শিক্ষার্থীরা

admin • 11 Nov 2024, 10:50 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে সচিবালয় ছাড়লেন জবি শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর, ইউজিসির পাইলট প্রকল্পে অন্তর্ভুক্তিসহ পাঁচ দাবিতে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১১ নভেম্বর) তারা সচিবালয়ের সামনে অবস্থান নেন।

 

শিক্ষার্থীদের ১২ সদস্যের এবং শিক্ষকদের ৬ সদস্যের প্রতিনিধিদল প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (শিক্ষা) ও তথ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। আশ্বাস পেয়ে সড়ক ছাড়েন আন্দোলনকারীরা।

 

বৈঠক শেষে বেরিয়ে আন্দোলনের সংগঠক এ কে এম রাকিব গণমাধ্যমকে বলেন, ‘আমরা ৩ কার্যদিবসের আল্টিমেটাম দিয়েছিলাম, কিন্তু আগামীকাল (মঙ্গলবার) ১২টায় মিটিং দেওয়া হয়েছে। আগামীকালই আমাদের দাবির প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে রূপরেখা দেওয়া হবে।’

 

শিক্ষকদের পক্ষ থেকে ইংরেজি বিভাগের নাসির উদ্দিন আহমদ বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) মিটিংয়ে শিক্ষা উপ উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী), তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, সেনাবাহিনীর কর্মকর্তারাও থাকবেন। ইউজিসির যে পাইলট প্রকল্প সেটার কার্যক্রম যখনই শুরু হবে সেটায় প্রথম বিবেচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থাকবে বলে তাঁরা আমাদের জানিয়েছে।’

 

এর আগে সচিবালয়ে অবস্থানরত জবি শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এগুলো যৌক্তিক দাবি। একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থাকবে না, হল থাকবে না এটা হতে পারে না। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, দ্রুত এসব পালন করা হবে। শিগগির শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হবে। আমি জানি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক কষ্টে থাকেন। আমার পরিবারের একজন সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের আবাসিক হল নেই। সেজন্য শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমি পুরোপুরি একমত। তাদের সকল দাবি যৌক্তিক।

 

তিনি আরও বলেন, বাস্তবতা হলো- আমরা তিন দিনের মধ্যে হল করে দিতে পারবো না। কিন্তু আর্মির কাছে হস্তান্তর করতে পারি। এর জন্য আমাদের বসতে হবে। আমরা তিন দিনের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর নিকট হস্তান্তর করবো। যেভাবে দেওয়া যায় সেই কাজ করবো। উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামীকাল মঙ্গলবার বেলা ১২ টায় 'জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাস স্থাপন, ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্প' সভার জন্য আহ্বান জানানো হয়েছে।

 

সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে থেকে ২ জন করে প্রতিনিধি, প্রকল্প পরিচালকসহ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আমিনুল ইসলাম উপস্থিত থাকবেন। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর, ইউজিসির পাইলট প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিসহ ৫ দফা দাবিতে সচিবালয় ঘেরাও করে শিক্ষার্থীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।