শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপ। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭। বৃহস্পতিবার (১১ জুলাই) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স (জিএফজেড) জানায়, ভূমিকম্পের গভীরতা ছিল ৬৩০ কিলোমিটার (৩৯১.৪৬ মাইল)।
ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি এক বিজ্ঞপ্তিতে বলেছে, ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হবে বলে আশা করা হচ্ছে না। তবে আফটারশক হতে পারে।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের সারঙ্গানি প্রদেশ থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২.১ মাইল) দক্ষিণ-পূর্বে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে সেটি ৬.৭ মাত্রার ছিল।





