Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

রাবিতে ভুয়া শিক্ষার্থী আটক

admin • 26 Jan 2025, 07:42 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাবিতে ভুয়া শিক্ষার্থী আটক

নিজ পরিচয় গোপন করে রাখা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের এক ভুয়া শিক্ষার্থীকে আটক করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) অন্যান্য শিক্ষার্থীদের সন্দেহ হলে তারা বিভাগের সভাপতিকে জানান বিষয়টি। পরে তাকে প্রক্টর দপ্তরের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

ওই শিক্ষার্থীর নাম নাভিক রহমান। তিনি ছদ্মবেশে আইন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সাথে ক্লাস করছিলেন এতোদিন। পাশাপাশি, খেলাধুলা ও জাতীয় দিবস উদযাপনসহ বিভাগের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

 

জিজ্ঞাসাবাদে নাভিক রহমান দাবি করেছেন, তার মায়ের অনেক আশা ছিল যে, ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়বে। কিন্তু তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাননি। তাই, মাকে খুশি করার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার অভিনয় করেছেন এতোদিন।

 

এই বিষয়ে আইন বিভাগের ৪১ ব্যাচের শিক্ষার্থী শাহরুখ মাহমুদ বলেন, তাঁর বিষয়ে তার ব্যাচমেটদের সন্দেহ হলে তারা তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তখন ভুয়া পরিচয় বের হয়ে আসে। এমনকি সে তার গার্ডিয়ান হিসেবে যাদেরকে ডেকেছিল, তারাও ভুয়া। এরপর বিভাগের সভাপতির সাথে যোগাযোগ করে প্রক্টর অফিস নিয়ে গিয়ে নাভিক ও তাঁর ভুয়া অভিভাবকদের পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। গত চার মাসে বিভাগের সবকিছুতে সে উপস্থিত ছিল একদম প্রফেশনাল স্পাই এজেন্ট এর মত। সে কোনো গুপ্তচর প্রতিষ্ঠানের সাথে জড়িত কিনা তদন্ত করা হোক।

 

তিনি আরও বলেন, আমাদের সতর্ক থাকা দরকার আমাদের বিভাগের সিকিউরিটি নিয়ে। একজন ৪ মাস যাবৎ ক্লাস করেছে, প্রতিটা প্রোগ্রামে অংশগ্রহণ করেছে, অথচ আমাদের বিভাগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন আইডেন্টিফাই করতে পারে নি। এটা চরম ব্যর্থতা।

 

আইন বিভাগের ৪৩ ব্যাচের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) শ্রেনী প্রতিনিধি মাহমুদুল হাসান মেহেদী বলেন, আমাদের ক্লাস শুরু হওয়ার প্রথম দিকে ১ মাস মত রোল কল করা হতো না। ওইসময় নাভিককে নিয়মিত ক্লাস করতে দেখেছি। পরে রোল কল শুরু হলে তাঁকে খুব একটা নিয়মিত দেখা যেতো না। তবে, বিভাগের বিভিন্ন অনুষ্ঠানে সে অংশগ্রহণ করতো নিয়মিত। আমাদের ১ম সেমিস্টার পরীক্ষায় তাকে উপস্থিত হতে না দেখে খোঁজ নিতে গিয়ে জানতে পারি যে, তার নাম আমাদের শিক্ষার্থীদের তালিকায় নেই।

 

এই ব্যাপারে আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাঈদা আঞ্জু বলেন, তাকে বেশ রাতে আটক করা হয়েছে। আমি স্বশরীরে উপস্থিত হতে পারিনি ওইসময়। প্রক্টর স্যারের সঙ্গে শুধু অল্প একটু কথা হয়েছিল। আজ প্রক্টর স্যারের সঙ্গে বিস্তারিত কথা বলার পরে এবিষয়ে মন্তব্য করতে পারবো। এটুকু জেনেছি যে, সে বিশ্ববিদ্যালয়ের ছাত্রই না। তাই, সে আদৌ ক্লাস করেছে কিনা, সেটা সংশ্লিষ্ট ব্যাচের শিক্ষার্থীরাই ভালো বলতে পারবে।

 

রাবি প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ছেলেটি স্বীকার করেছে যে, তার মায়ের অনেক আশা ছিল, তার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়বে। কিন্তু সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ পায়নি। তাই, মাকে খুশী করার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার অভিনয় করেছে এতোদিন। তাকে থানায় হস্তান্তর করেছি। পুলিশ অধিকতর তদন্ত করে দেখবে বিষয়টি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।