Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

যুক্তরাষ্ট্রের চাপে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে না জাপান

admin • 17 Sep 2025, 05:10 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের চাপে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে না জাপান

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আপাতত স্বীকৃতি দিচ্ছে না জাপান। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং ইসরায়েলের কঠোর অবস্থান এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তবে টোকিও জানায়, সঠিক সময় ও প্রক্রিয়া বিবেচনায় নিয়ে বিষয়টি মূল্যায়ন অব্যাহত থাকবে।

 

বুধবার (১৭ সেপ্টেম্বর) জাপানের গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

 

প্রতিবেদনে বলা হয়, জাপান আপাতত ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং ইসরায়েলের কঠোর অবস্থান এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নাম প্রকাশ না করা সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে স্থানীয় দৈনিক আসাহি।

 

চলতি মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে, যা ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়েছে।

 

অন্যদিকে কিয়োদো নিউজ জানায়, যুক্তরাষ্ট্র বিভিন্ন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে জাপানকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়ার জন্য চাপ দিয়েছে। অন্যদিকে, ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো গত সপ্তাহে জাপানি পররাষ্ট্রমন্ত্রীকে ফিলিস্তিনকে স্বীকৃতির জন্য জোরালোভাবে আহ্বান জানিয়েছিলেন।

 

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়ায়া বলেন, টোকিও এখনো “সঠিক সময় ও প্রক্রিয়া বিবেচনা করে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সমন্বিতভাবে মূল্যায়ন করছে।”

 

বুধবার এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাপানের মুখ্য মন্ত্রিসভা সচিব ইয়োশিমাসা হায়াশি একই বক্তব্য পুনরায় তুলে ধরেন। তবে তিনি গাজা নগরীতে ইসরায়েলি স্থল অভিযানের কারণে “গুরুতর সংকট” নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ভিত্তি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।”

 

একইসঙ্গে দুর্ভিক্ষসহ ভয়াবহ মানবিক সংকট দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নিতেও তিনি ইসরায়েলের প্রতি আহ্বান জানান।

 

তবে আসাহি জানিয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে ফিলিস্তিন রাষ্ট্র ইস্যুতে যে বৈঠক হবে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা তাতে যোগ দেবেন না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।