রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় পিকআপের ধাক্কায় বেলায়েত হোসেন রানা (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এই ঘটনায় চালক পালিয়ে গেলেও পিকআপটিকে জব্দ করেছে যাত্রাবাড়ী থানা-পুলিশ।
বুধবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত বেলায়েত নোয়াখালীর চাটখিল থানার সাহাপুর গ্রামের নবী উল্লাহ চৌধুরী ছেলে। বর্তমানে ডেমরা সানারপাড়ে ভাড়া থাকতেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক(এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, 'দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে মোটরসাইকেল চালককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেই। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।'
স্থানীয়দের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, মোটরসাইকেল করে যাওয়ার সময় দ্রুতগতির পিকআপটি সজোরে ধাক্কা দেয়। এতে ওই ব্যক্তি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
পিকআপটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।





