Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার

Mohiuddin Ahmad Tanveer • 31 Jan 2023, 01:59 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তার দুজন হলেন- নকিব হোসেন আদিল সরকার ও মোখলেসুর রহমান মুকুল।

সোমবার (৩০ জানুয়ারি) রাতে রাজধানীর দক্ষিণখান ও আশুলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তারের কথা জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান। তিনি বলেন, আজ মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

গত ২৩ জানুয়ারি বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে ময়মনসিংহের ত্রিশালের মোখলেসুর ও নকিবসহ ছয়জনের মৃত্যুদণ্ড দেয়।

তাদের মধ্যে এখনো পলাতক রয়েছেন অপর চার আসামি সাইদুর রহমান রতন, শামসুল হক ফকির, নুরুল হক ফকির ও সুলতান মাহমুদ ফকির।

তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় ত্রিশাল এলাকায় মুক্তিযোদ্ধা এবং বেসামরিক ব্যক্তিদের অপহরণ, আটকে রেখে নির্যাতন, হত্যা এবং হিন্দুদের নিপীড়নের অভিযোগ আনা হয়েছিল।

একাত্তরে শহীদ ইউনুছ আলীর ছেলে রুহুল আমিন ২০১৫ সালে ময়মনসিংহের আদালতে এ মামলা দায়ের করলে পরে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়। ২০১৭ সালের ২৬ জানুয়ারি শুরু হয় তদন্ত। ওই বছরের ৩১ ডিসেম্বর তদন্ত সংস্থা অনুসন্ধান কাজ শেষে প্রতিবেদন জমা দেয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।