দুবাই থেকে মুম্বাইয়ের উদ্দেশে উড়াল দিয়েছে এমিরেটস এয়ারলাইনের একটি বিমান। পুরো রাস্তা ঠিক-ঠাক মতো উড়েও বিমানটি। তবে বিপত্তি ঘটে অবতরণের কিছুক্ষণ আগে, গন্তব্যের ঠিক কাছে এসে। ফ্ল্যামিঙ্গো পাখিদের একটি ঝাঁকে ধাক্কা দিয়ে বসে বিমানটি।
এতে অবশ্য কিছুটা ক্ষতি হলেও স্বাভাবিকভাবেই অবতরণ করতে পেরেছে ফ্লাইটটি। যাত্রীরাও নিরাপদই আছেন। তবে এই দুর্ঘটনায় বেশ কয়েকটি পাখি মারা গেছে।
গত সোমবার এই ঘটনা ঘটেছে। তবে আজ বুধবার (২২ মে) এমিরেটস এয়ারলাইনের একজন মুখপাত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে খালিজ টাইমস। ওই মুখপাত্র বলেন, এই ঘটনায় বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ২০ মে দুবাই যাওয়ার জন্য নির্ধারিত ফিরতি ফ্লাইটটি বাতিল করা হয়েছে।
এমিরেটস এয়ারলাইন জানায়, এই বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষকে সহযোগিতা করছেন তারা। ওই বিমানের সব যাত্রী ও ক্রুকে রাতে থাকার ব্যবস্থা করা হয়। এ ছাড়া মঙ্গলবার (২১ মে) রাত ৯টায় আরেকটি বদল বিমান মুম্বাই ছেড়ে যায়।
এদিকে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, এই দুর্ঘটনায় কমপক্ষে ৩৬টি ফ্ল্যামিঙ্গো পাখি মারা গেছে। তবে বন্যপ্রাণী বিশেষজ্ঞরা আরও বেশি পাখির মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছেন।
মাঝ আকাশে বিমান ও পাখির ধাক্কা লাগা তেমন অস্বাভাবিক ঘটনা নয়। ভারতীয় সরকারি পরিসংখ্যান বলছে, মুম্বাই বিমানবন্দরে ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত এই ধরনের ছয় শতাধিক ঘটনা ঘটেছে।





